২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট, পিরোজপুর ও ঝালকাঠি সফর করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ রোববার বাগরেহাট, পিরোজপুর ও ঝালকাঠি সফর করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:45 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর এর ঝালকাঠি প্রতিনিধি জানান, সেনাপ্রধান সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে ঝালকাঠি পৌঁছান।

ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে সেনাপ্রধানকে স্বাগত জানান ঝালকাঠি ক্যাম্পের লেফটেন্যন্ট কর্নেল মিসতাউর করিম। পরে তিনি শিল্পকলা একাডেমির অস্থায়ী সেনাক্যাম্পে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকে কী আলোচনা হয়েছে সে ব্যাপারে প্রশাসন বা সেনা কর্তৃপক্ষ সাংবাদিকদের কিছু জানায়নি।

অবশ্য শনিবার স্থানীয় সেনা কর্মকর্তা মেজর মো. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছিলেন, ১১ এপ্রিল ঝালকাঠির পিপি হায়দার হোসাইন হত্যাকাণ্ডের ব্যাপারে খোঁজখবর নিতে তিনি ঝালকাঠি আসছেন।

সেনা প্রধান দুপুরে ঝালকাঠি থেকে পিরোজপুর যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর এর পিরোজপুর প্রতিনিধি জানান, লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ পিরোজপুর স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে যুব উন্নয়ন কমপ্লেক্সের অস্থায়ী সেনা ক্যাম্পে যান। সেনা ক্যাম্প পরিদর্শনের পর তিনি পিরোজপুর জেলা প্রশাসক মো. আবদুল কাইয়ুম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল মাবুদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। সেনা প্রধান বাজার দর, জঙ্গি তৎপরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

দুপুর দেড়টার দিকে তিনি হেলিকপ্টারে করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর এর বাগেরহাট প্রতিনিধি জানান, সেনা প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি দুপুরে খান জাহান আলী কলেজ মাঠে অবতরণ করে। সেখান থেকে তিনি জেলা শিল্পকলা একাডেমীর অস্থায়ী সেনাক্যাম্পে যান এবং সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন। বাগেরহাটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহিদুর রহমান সেনা ক্যাম্পে গিয়ে তার সঙ্গে সৗজন্য সাক্ষাত করেন।

পুলিশ সুপার একেএম শহিদুর রহমান জানান, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে তাদের আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিকেলে ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনের পর হেলিকপ্টারে বাগেরহাট ত্যাগ করেন সেনা প্রধান।