অধ্যাপক ইউনুস হত্যার পরিকল্পনাকারী জঙ্গি শহীদুল্লাহ ৭ দিনের রিমান্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস হত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দানকারী জেএমবির আঞ্চলিক কমান্ডার শহিদুল্লাহ ওরফে মাহাবুবের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর আদালতের হাকিম আফজাল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর আদালতের পুলিশ পরিদর্শক মাহাবুবুল কুদ্দুস সিদ্দিকী জানান, সিআইডি পুলিশের পরিদর্শক হেলালউদ্দিন জেএমবি নেতা শহিদুল্লাহ ওরফে মাহাবুবের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া আদালত জেএমবি সদস্য মতিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১ মে সন্ধ্যায় বগুড়া গোয়েন্দা পুলিশ গাবতলী উপজেলার পেরীর হাট থেকে শহিদুল্লাহ ওরফে মাহাবুবকে আটক করে। বগুড়া গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে কড়া পাহারায় রাজশাহী সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করে।
রাজশাহী সিআইডি পুলিশ গত ২ মে তাকে রিমান্ডের আবেদন জানিয়ে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করে। রোববার শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
