হিল্লা বিয়ে বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না: হাইকোর্ট
বগুড়া জেলার দশটিকা গ্রামে যারা হিল্লা বিয়ের ফতোয়া দিচ্ছে এবং এ ধরনের বিয়েতে বাধ্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না তা সরকারকে জানাতে বলেছে হাইকোর্ট।
একইসঙ্গে হিল্লা বিয়ে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হবে না কেন তাও জানতে চেয়েছে হাইকোর্ট ।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।
গত ১ মে দৈনিক যুগান্তরে “বগুড়ার দশটিকা গ্রাম হিল্লা বিয়ের গ্রাম” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গ্রামের কয়েকজন ফতোয়াবাজ মুসলিম আইন লঙ্ঘন করে ওই গ্রামের অনেক লোককে হিল্লা বিয়েতে বাধ্য করছে।
রিট আবেদনের শুনানিতে মানবাধিকার সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী হিল্লা বিয়েতে বাধ্য করার বিষয়টি আইনের পরিপন্থী এবং মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন।
শুনানিতে তিনি আরও বলেন, সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নাগরিক সংবিধান ও আইন মানতে বাধ্য। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দায়িত্ব-যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ফতোয়াবাজদের বিরুদ্ধে কোনো মামলা না করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের দায়িত্বে অবহেলা করেছে।
