২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ গোলাম মোর্শেদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদার দাবিতে মারধর করে হত্যা চেষ্টার অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের চার দলীয় জোটের সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার সিংড়া উপজেলার রামানন্দখাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইদ্রিস আলী ও মুদি ব্যবসায়ী আব্দুল আজিজ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

নাটোরের ২য় আমলি আদালত মামলা দুটি গ্রহণ করার পর সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ইদ্রিস আলীর দায়ের করা মামলায় সাংসদ মোর্শেদ ছাড়াও তার শ্যালক ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান লেলিন ও রামানন্দ খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান আফছারুজ্জামানকে আসামী করা হয়েছে।

এই মামলায় বাদী অভিযোগ করেছেন, তিনি ইউপি সদস্য থাকাকালে কৈগ্রাম বাঁশের ব্রিজ থেকে শাওইল পাঁচপির তলা রাস্তা নির্মাণের সময় সাংসদ গোলাম মোর্শেদ তার শ্যালক লেনিন ও চেয়ারম্যান আফছারুজ্জামানের মাধ্যমে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে আসামীরা তার কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি লেনিনের মাধ্যমে ২০ হাজার টাকা দিলেও কাজে বাধা দেওয়া হয়। পরে স্ত্রীর অলঙ্কার বিক্রি করে আরও ৪০ হাজার টাকা সাংসদকে পরিশোধ করে ওই কাজ শেষ করেন।

অন্য মামলাটির আসামীর তালিকায় সাংসদ মোর্শেদ ছাড়াও স্থানীয় কলেজ ছাত্র সংসদের ভিপি শামিম, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাপস, সেলিম, আকরাম, আবদুর রহিম, টুকু ও সুমনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী মুদি ব্যবসায়ী আবদুল আজিজ অভিযোগ করেন, ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় আসার পরপরই সাংসদ মোর্শেদ তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা পরিশোধ করতে না পারায় আসামীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

উভয় মামলার বাদী বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তারা গত নির্বাচনে সাংসদ মোর্শেদের প্রতিদ্বন্দ্বি (আওয়ামী লীগ দলীয়) প্রার্থীর হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট ইউসুব আলী বাদীদের অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি মিথ্যা ও বানোয়াট। বাদী আব্দুল আজিজকে তিনি চেনেন না। অন্য বাদী ইদ্রিস আলী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধেও প্রচুর মামলা রয়েছে। তিনি রাজনৈতিক আক্রোশবশত এই মিথ্যা মামলা করেছেন।