ঢাকা মেডিকেলে সংঘর্ষের তদন্ত প্রতিবেদন মঙ্গলবার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন রোববার সকালে জমা দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। মঙ্গলবার এই প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।
গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষের পর কর্তৃপক্ষ সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ আলীকে প্রধান করে শনিবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক দীন মোহম্মদ, অধ্যাপক মুহিবুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক আরিফুর রহমান।
শনিবার রাতেই তদন্ত কমিটির প্রধান, সার্জারি বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী জানান, পরদিন সকাল নয়টায় তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন।
কিন্তু রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, “আমরা এরই মধ্যে সংঘর্ষে জড়িত হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও কর্মচারীর লিখিত বক্তব্য জমা দিতে বলেছি। তাদের বক্তব্যের ভিত্তিতে আমরা তদন্ত কাজ এগিয়ে নিতে পারব। আশা করছি তদন্ত প্রতিবেদন মঙ্গলবার জমা দেওয়া যাবে।”
প্রসঙ্গত এক চিকিৎসকের কাছে আসা দর্শনার্থীদের ঢুকতে না দেওয়ার জের ধরে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী-চিকিৎসক সংঘর্ষ বেধে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে সার্জারি ইউনিট এক এর আট নম্বর ওয়ার্ডের চিকিৎসক ডা. মনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে কয়েকজন দর্শনার্থী হাসপাতালে আসেন। কিন্তু এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সরকার এম মতিন রাউন্ডে থাকায় কর্তব্যরত প্রহরী আবদুর রহমান দর্শনার্থীদের ঢুকতে বাধা দেন।
এ ঘটনায় সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন প্রহরী আবদুর রহমানকে চড়-থাপ্পর মারেন।
পরে দুপুর ১টার দিকে সিনিয়র ওয়ার্ড মাস্টার আবুল হোসেন পরিচালকের কাছে মনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র লিখলে ২০/২৫ জন চিকিৎসক গিয়ে তাকে মারধর করেন।
পরে চিকিৎসক এবং কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। ক্ষুব্ধ কর্মচারীরা একপর্যায়ে হাসপাতালের পরিচালক মনোয়ার হোসেন এবং ডা. জাহিদকে আটকে রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় পরে তারা মুক্ত হন। কর্মচারীদের হামলায় গুরুতর আহত হন ডা. মারুফ নামে একজন।
