২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামী ধরতে গিয়ে পুলিশ মারধরের শিকার

আসামী গ্রেপ্তার করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে আহত হয়েছেন এক উপ পরিদর্শকসহ চার পুলিশ সদস্য। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হাজীপুর গ্রামে শুক্রবার রাতে ঘটেছে এ ঘটনা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আহত এক পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, ২০০৫ সালে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামী চরবাটা ইউনিয়নের জামাল উদ্দিন গাজী ও নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযানে নামে উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।

তিনি বলেন, “শুক্রবার রাত ১০টায় পুলিশ সদস্যরা যখন জামাল উদ্দিনের বাড়ি যায় তখন তার বোনের গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল। পুলিশ সেখান থেকে জামাল ও নিজামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ চিৎকার করে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামীদের ছিনিয়ে নেয়। এ সময় আহত হন উপ পরিদর্শক সিরাজুল ইসলাম, কনস্টেবল আবদুল মতিন, সেকান্দর আলী ও আক্কাছ আলী। এর মধ্যে আবদুল মতিনকে স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়।”

আফজাল হোসেন জানান, খবর পেয়ে তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং সেখান থেকে অসামী নিজাম উদ্দিনসহ নয় জন গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত অন্যরা হল, হেলাল উদ্দিন (৩৫), রুবেল (২২), মনির আহম্মদ (২৫), সুমন (২৬), আলমগীর হোসেন (১৮), শাহজাহান (২৮), সাখাওয়াত (২৭) ও তানজীন (২৬)। এদের সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চরজব্বর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।