রাজবাড়িতে এক ব্যক্তি খুন
রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে মোসলেম মণ্ডল নামের একজন নিহত হয়েছেন।
শনিবার পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে। এরা হলেন, মমিন মোল্লা, আশরাফ হোসেন এবং হাবিবুর রহমান।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে মোসলেম তার তিন সহযোগীকে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। এ সময় কিছু কথা আছে বলে দুই যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই মোসলেম নিখোঁজ ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ জানান, প্রকৃত তথ্য উদঘাটনে তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
