২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ত্রিমুখী সংঘাতের পর জলে ডুবে কমপক্ষে চারজনের মৃত্যু

মাঝনদীতে একটি লঞ্চে তিনমুখী সংঘর্ষের পর সদরঘাটে এসে বুড়িগঙ্গায় ডুবে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 01:04 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মৃতদের মধ্যে তিনজন হলেন, হাসিবুল হাসান শান্ত (১৯), শাহীন (২১), জাবেদ (৩৫)। অন্যজনের পরিচয় এখনো মেলেনি।

ডুবুরিরা সদরঘাট লঞ্চ টার্মিনালের আশেপাশে বুড়িগঙ্গা নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। টার্মিনাল এলাকা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘিরে রেখেছেন।

ঘটনার বিস্তারিত জানাতে বিডিনিউজ টোয়েন্টিফোর এর সিনিয়র প্রতিবেদক নাইমুল হক এবং প্রতিবেদক আবু নোমান সজীব সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দমকলের সুত্রে জানা গেছে, পিকনিক থেকে ফেরার পথে এমভি নিউ সান-৪ নামের একটি লঞ্চের যাত্রীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় আনসার সদস্য ও লঞ্চের কর্মচারিরা এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে যাত্রীরা।

লঞ্চের যাত্রী ঢাকার টিকাটুলির পপি ও প্রতিমা জানান, লঞ্চের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারি বেঁধে যায়। এসময় আনসার ও লঞ্চের স্টাফরা একযোগে যাত্রীদের ওপর হামলা চালায়। এসময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়ে বেশ কয়েকজন।

দমকল কর্মকর্তা সেলিম নেওয়াজ ভুইয়া বলেন, “ লঞ্চ থেকে লাফিয়ে পড়ে তিনটি নৌকায় ওঠে যাত্রীরা। এরমধ্যে একটি নৌকা উদ্ধার করা গেছে। বাকী দুইটি এখনও নিখোজ।”

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার নজমুল হোসেন বলেন, “ধোলাইখালের ব্যবসায়ীরা একটি লঞ্চে করে পিকনিক শেষে সদরঘাটে ফেরার পর তাদের নিজেদের মধ্যে মারামারি বেঁধে যায়। এরপর তারা নদিতে ঝাঁপ দিয়ে পড়ে ডুবে মারা গেছে।”

তিনি আরও জানিয়েছেন, ওইসময় লঞ্চ ও সদরঘাট টার্মিনালে কর্তব্যরত আনসার সদস্যদের তালিকা করা হচ্ছে।

ঢাকার জেলা প্রশাসক মো. হানিফ বলেন, “ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দেওয়া হবে।”