২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ রক্ষায় নামলো শিশুরা

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পশ্চিম পাশের ‘এক টুকরা সবুজ’ রক্ষায় এবার নেমেছে শিশুরাও। পার্কটিতে গাছ কেটে মার্কেট গড়ে তোলার প্রতিবাদে এলাকাবাসীর প্রতিরোধে এবার শামিল হলো এ সব ক্ষুদে মানব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 10:16 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

পরিবেশ বাঁচাও আন্দোলনের সহায়তায় এখন সেখানে চলছে শিশু চিত্রকলা প্রদর্শনী। গাছ আমাদের অস্তিত্বের জন্য কেন প্রয়োজন তা ছবির মধ্য তুলে ধরেছে শিশুরা।

বৃহস্পতিবার বিকালে প্রতিবাদী শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী।

পার্কটি রক্ষায় শিশুরা ছবি প্রদর্শনীর পাশাপাশি পরিবেশন করছে গান ও পথনাটক। ৬ মে পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

পার্ক নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে ৭ নং ওয়ার্ডের একজন এলাকাবাসী জানান, “হঠাৎ করে ১৬ এপ্রিল একদল লোক এসে দীর্ঘদিনের এ পার্কটির গাছ কাটতে শুরু করে। তারা জানায়, গণপূর্ত মন্ত্রণালয় নাকি এখানে তাদের মার্কেট করার অনুমতি দিয়েছে। আমরা এলাকাবাসীরা এর প্রতিবাদ জানাই। আন্দোলন চরমে উঠলে দুজন উপদেষ্টা পার্ক পরিদর্শনে আসেন এবং মার্কেট তৈরির কাজ স্থগিত রাখার আদেশ দেন।”

পুলিশ এখন পার্কটি পাহারা দিচ্ছে। এখানে মার্কেট তৈরি হবে, নাকি পার্কই থাকবে সে বিষয়ে ৩০ এপ্রিল সুস্পষ্ট ঘোষণা আসার কথা থাকলেও প্রশাসন এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি।