মুজাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার তদন্ত শুরু হয়নি এখনও
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ ছয়জনের বিরুদ্ধে ২৫ লাখ টাকার চাঁদাবাজি মামলার তদন্ত কাজ এখনও শুরু হয়নি।
বৃহস্পতিবার আমলগ্রহণকারী আদালতের ম্যাজিস্ট্রেট মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু ম্যাজিস্ট্রেটের নির্দেশ সংক্রান্ত কোনো কাগজপত্র শুক্রবার রাতেও কানাইঘাট থানায় এসে পৌঁছায়নি বলে জানা গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চক্রবর্তী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, ছুটির দিন থাকায় মামলার কাগজপত্র এখনও আসেনি। কাগজপত্র পেলে তদন্ত কাজ শুরু হবে।
বৃহস্পতিবার বিকেল চারটায় সিলেটের ২ নং আমলী আদালতে কানাইঘাট থানার রাজেখেল গ্রামের মো. আবদুল্লাহ বাদী হয়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, জামায়াতের সাবেক সাংসদ মো. ফরিদ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ২৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন।
আলী আহসান মুজাহিদ ছাড়াও মামলায় আসামি করা হয় মো. ফরিদ উদ্দিন, মঈন উদ্দিন, আজির উদ্দিন, সফর উদ্দিন এবং মঈন উদ্দিনকে।
