২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণের মাধ্যম হয়ে উঠতে হবে’

দেশে তথ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার। পাশাপাশি গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণের মাধ্যম হয়ে উঠতে হবে। গণমাধ্যমে তৃণমূল মানুষের কথা থাকতে হবে। তাদের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য বিকল্প মাধ্যম তৈরি করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার রাজধানীর এলজিআরডি মিলনায়তনে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত ‘গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি ও তৃণমূল মানুষের তথ্য অধিকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

আইন কমিশনের সদস্য ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।

প্রধান অতিথি ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান।

রোবায়েত ফেরদৌস তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতির মতো মিডিয়াও পচে যাচ্ছে। রাজনীতির মতো মিডিয়ার মালিকানাতেও গুণগত পরিবর্তন আনতে হবে। কালো টাকার মালিক, নষ্ট ব্যবসায়ী আর দুষ্ট রাজনীতিকদের খপ্পর থেকে বেসরকারি মিডিয়াকে বাঁচাতে হবে। তেমনি বিটিভি আর বাংলাদেশ বেতারকে সরকারের একচ্ছত্র মালিকানা থেকেও উদ্ধার করতে হবে।

ড. মো. এনামুল হক বলেন, “নিউজ পেপারগুলো সব ভিউজ পেপার হয়ে গেছে। পত্রিকা পড়লে অন্তত দুই গ্রুপের দুটি পত্রিকা পড়তে হবে। নয়তো বিভ্রান্ত হতে হবে।”

অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, “দেশের বিপুল সংখ্যক মানুষ তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত। গ্লোবাল ভিলেজের ধারণাটি ক্রমেই গ্লোবাল সিটিতে পরিণত হচ্ছে।”

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, একই বিভাগের শিক্ষক শামীম রেজা, আ হ ম বজরুল রহমান, মীর মাসুরুজ্জামান, জাহিদ হাসান, মোস্তফা সোহেলসহ সারাদেশ থেকে আসা তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।