জলিলের বাসায় চা চক্রে আওয়ামী লীগ নেতারা
আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলী ও কার্য নির্বাহী কমিটির সদস্যরা শুক্রবার বিকেলে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাসায় এক ‘অনির্ধারিত’ চা চক্রে মিলিত হয়েছিলেন।
দলের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মোস্তফা জালাল মহিউদ্দীন এসময় সেখানে উপস্থিত ছিলেন।
চা চক্র শেষে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো বক্তব্য রাখেননি। তবে উপস্থিত একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা।
তিনি আরো জানান, শেখ হাসিনা ৭ মে বিকেল ৪টায় ইত্তিহাদ এয়ার লাইন্সের একটি উড়োজাহাজে দেশে ফিরবেন। ওই দিন শেখ হাসিনাকে স্বাগত জানাতে কারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন তা নিয়েও আলোচনা করেছেন তারা।
এ ব্যাপারে আবদুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “উনারা এমনিতেই আমার বাসায় এসেছিলেন; চা খেয়েছেন। আমরা কোনো বৈঠক করিনি। সুতরাং এ ব্যাপারে মন্তব্য করার কিছু নেই।”
