মাদারীপুরে ২ হাজার বস্তা সার উদ্ধার, ইউপি চেয়ারম্যান আটক
মাদারীপুরের মোস্তফাপুর বাজার সংলগ্ন কুমার নদী থেকে শুক্রবার দুপুরে ২ হাজার ১৬১ বস্তা সার ও একটি ট্রলার আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
এ সময় সার ব্যবসায়ী ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজলেম আকনকে (৪০) আটক করা হয়।
যৌথবাহিনীর মাদারীপুর ক্যাম্পের মেজর মামুন জানান, ঘোড়াশাল সার কারখানা থেকে কিনে আনা ১ হাজার ৫৬০ বস্তা সার ট্রলার থেকে নামিয়ে গুদামে তোলার সময় সারসহ মোজাম্মেল আকনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মাদারীপুরের পুরান বাজারে তার গুদাম থেকে আরও ৬০১ বস্তা সার উদ্ধার করা হয়।
মেজর মামুন আরও জানান, মোজলেম আকন ও তার ব্যবসায়ী অংশীদার নিরঞ্জন কুণ্ডু এর আগে আরও একটি সারের চালান এনেছে মাদারীপুরে। জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে।
যৌথবাহিনী সার বহনকারী ট্রলারটি আটক এবং মোস্তফাপুর বাজারের একটি সারের গুদাম বন্ধ করে দিয়েছে।
