২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিম্নচাপ অব্যাহত, সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার সকালে উত্তর ও উত্তর-পূর্বদিকে সামান্য সরে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 09:56 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সন্ধ্যা ৬টা নাগাদ নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে কিছুটা সরে গিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ৬৫০ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব এবং মংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল। নিম্নচাপের কারণে তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে পাবনায় দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে পাবনায় ১৫ জন ও নীলফামারীতে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে। (আরও তথ্যসহ-৩)

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “নিম্নচাপটি উত্তর-উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে। এ ধারায় এগিয়ে গেলে এটা কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।”

আবহাওয়া অধিপ্তরের বুলেটিনে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি ক্রমশ শক্তি অর্জন করে নিম্নচাপে পরিণত হয়ে সন্ধ্যা ৬টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ৬৫০ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব এবং মংলা বন্দর থেকে ৭৩৫ দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে উপকূল দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বুলেটিনে আরও বলা হয়, এ সময় সমুদ্র মাঝারি ধরনের উত্তাল থাকবে।

আবহাওয়াবিদ আয়শা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এই তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকেও বন্দরের আশপাশে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বেতার নিয়ন্ত্রণ কর্মকর্তা জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, নিম্নচাপের কারণে সাগর কিছুটা উত্তাল। তবে জাহাজ চলাচলসহ বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। সাধারণত তিন নম্বর স্থানীয় সংকেতের কারণে বন্দরে বিশেষ কোনও ব্যবস্থা নিতে হয় না। যদি ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়, তখন কর্তৃপক্ষ বোর্ড মিটিং ডেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

এদিকে দেশের ওপর দিয়ে টানা চারদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস মতে, বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। ঢাকা, মাদারীপুর, চাঁদপুর, ফেনীসহ সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চট্টগ্রামে তাপপ্রবাহের পরিমাণ তুলনামূলকভাবে কম।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া যশোরে ৩৬ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৫, বগুড়ায় ৩৬ দশমিক ৫, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৫, টাঙ্গাইলে ৩৬ দশমিক ২, ফরিদপুরে ৩৬ দশমিক ২ এবং ফেনীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সমরেন্দ্র কর্মকার বলেন, নিম্নচাপটি স্থলভাগে উঠে না আসা পর্যন্ত গরম কমবে না। উঠে এলে বৃষ্টি হবে এবং তাপমাত্রাও হ্রাস পাবে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দক্ষিণাংশে বৃষ্টি হয়েছে। রাজশাহী ও ঢাকা বিভাগে তাপপ্রবাহ মৃদু থাকার সম্ভাবনা রয়েছে।

বিরাজমান তাপপ্রবাহ সম্পর্কে তিনি বলেন, প্রধানত মে মাসেই সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। এ উপমহাদেশে উচ্চ চাপ বলয় বিরাজ করছে। এর প্রভাব বেশি থাকলে আকাশ পরিস্কার থাকে। এতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দক্ষিণ দিক থেকে বায়ুপ্রবাহ বন্ধ হয়ে যায়। বাতাসে জলীয় বাষ্প থাকে না। এর সঙ্গে নিম্নচাপ যোগ হওয়ায় দক্ষিণ দিক থেকে বায়ুপ্রবাহ আরও বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, এখন খরা নেই। তবে শুষ্কতা আছে।

আমাদের পাবনা প্রতিনিধি জানান, প্রচণ্ড গরমে শুক্রবার দুপুরে সদর উপজেলার রানীনগর ও ধোকরাকেল গ্রামে মজনু মিয়া (৫৫) এবং হিরাই মন্ডল (৫০) নামে দুইজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বোরো ধান কাটার সময় প্রচণ্ড গরমে ওই দুইজন অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

ডেপুটি সিভিল সার্জন আজমল হোসেন জানান, জেলার বিভিন্ন স্থানে গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ ব্যাক্তি।

আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভয়াবহ গরমে মানুষজন গৃহবন্দি হয়ে পড়েছে। অসুস্থ হয়ে জেলার দুটি হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছে ।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. দিলিপ কুমার জানান, প্রচন্ড গরমে মানুষ পেট ব্যথা ও জ্বরসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ছে।