২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কটে দক্ষিণাঞ্চলে জনদুর্ভোগ চরমে

বিদ্যুৎ সঙ্কটে খুলনাসহ দক্ষিণাঞ্চলে জনজীবনে দুর্ভোগ চরমে পৌঁছেছে। ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার পর পুরো অঞ্চলে এখন চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

খুলনা প্রতিনিধি

সুবীর রায়,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে দিনের এক তৃতীয়াংশ সময় বিদ্যুৎ না থাকায় নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। পানি সঙ্কট চরম আকার ধারণ করেছে। ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা বন্ধের উপক্রম হয়েছে। দুর্দশায় পড়েছেন হাসপাতালের রোগীরা। পরীক্ষা সামনে থাকায় এইচএসসি পরীক্ষার্থীরাও পড়েছেন দুরবস্থায়। আরও জানাচ্ছেন সুবীর রায়

বয়লার টিউবে লিকেজের কারণে বৃহস্পতিবার থেকে গোয়ালপাড়ার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি দুই মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পিডিবি বৃহস্পতিবার সকাল থেকে ২ মাসের জন্য বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ ঘোষণা করে। বিদ্যুৎ কেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন, এই সময়ে কেন্দ্রটির বিভিন্ন উৎপাদন ইউনিট সংস্কার ও মেরামত করা হবে।

বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, বর্তমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ৬০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। খুলনায় ১১১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৬৩ মেগাওয়াট।

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ আর সুফি উদ্দিন জানান, পরিস্থিতি মোকাবেলা করতে খুলনা শহরে প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে।

বিদ্যুৎ না থাকায় সিটি কর্পোরেশনের পানি উত্তোলন ও সরবরাহ কাজও বিঘ্নিত হচ্ছে। বিদ্যুতের অভাবে পাম্পগুলো চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. আব্দুল হান্নান।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা জানান, বিদ্যুতের অভাবে ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়েছে। ৪৫০ টি ছোট-বড় শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে।

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সদস্য মো. আবদুল বাকী জানান, বিদ্যুৎ সঙ্কটে চিংড়ি শিল্পের ব্যাপক ক্ষতি হচ্ছে। হিমায়িত মাছ নষ্ট হয়ে যাচ্ছে। প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, বিদ্যুতের অভাবে রোগীদের বিশেষ করে শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। বৃহত্তর খুলনা সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান বলেন, বৃহত্তর খুলনাবাসী বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের ব্যাপারে কর্তৃপক্ষের সক্রিয় উদ্যোগ প্রত্যাশা করছে।