চাঁদপুরে এহছানুল হক মিলনের বিরুদ্ধে দুটি মামলা
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুরের আমলি আদালত-৩ এ মামলা দুটি করেন মোহাম্মদ মোস্তফা কামাল ও মোহাম্মদ সোহাগ নামের দুই ব্যক্তি। দুটি মামলায়ই প্রধান আসামী এহছানুল হক মিলন।
কচুয়া উপজেলার করইশ এলাকার মোহাম্মদ সোহাগ তার মামলার অভিযোগে বলেন, ২০০৫ সালের ২৫ মার্চ মনপুরা এলাকায় ড. মহীউদ্দীন খান আলমগীরের সফরসঙ্গীদের ওপর মিলনের নেতৃত্বে হামলা হয়। ওই সময় বাদীর ওপরও হামলা চালায় তারা। এক পর্যায়ে বাদীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন মিলন ও তার দলবল। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এ মামলায় ৪৫ জনকে আসামী করা হয়েছে।
অপর মামলার বাদী একই এলাকার মোস্তফা কামাল অভিযোগ করেন, ২০০৬ সালের ২২ নভেম্বর কচুয়া বাজারে মিলনের নেতৃত্বে তাকে মারধর করা হয়। পরে হামলাকারীরা তার কাছে চাঁদা দাবি করে এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়।
এ মামলায় আসামী করা হয় ৫১ জনকে।
আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট আবু দাউদ মো. মোস্তফা কামাল মামলা দুটি গ্রহণ করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
