২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেরিস্ট্রিয়াল নয়, স্যাটেলাইট সম্প্রচার করতে পারবে একুশে টিভি

বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) তরঙ্গ বরাদ্দ স্থগিতের ব্যাপারে বিটিআরসির আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 07:06 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একইসঙ্গে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিভির স্থাপনায় থাকা যন্ত্রপাতি ইটিভিকে ব্যবহারের বিষয়ে হাইকোর্টের দেওয়া গত ৭ মার্চের আদেশ বাতিল করে স্যাটেলাইটে ইটিভির সম্প্রচার শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) কৌশুলি ব্যারিস্টার অনিক আর হক সাংবাদিকদের বলেন, “ হাইকোর্টের এই আদেশের ফলে ইটিভি টেরিস্ট্রিয়ালের মাধ্যমে সম্প্রচার করতে পারবে না।”

ইটিভির কৌশুলি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, “এ আদেশের ফলে স্যাটেলাইট সম্প্রচারে ইটিভির কোনও বাধা নেই।”

২০০২ সালের ২৯ আগস্ট আপিল বিভাগের রায়ে একুশে টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২০০৫ সালের ১১ এপ্রিল চ্যানেলটিকে পুনঃ সম্প্রচারের অনুমতি দেয় সরকার।

এদিকে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ মার্চ ইটিভিকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার জন্য বিটিআরসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। একই আদেশে বিটিভি স্থাপনায় থাকা ইটিভির যন্ত্রপাতি ইটিভিকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। হাইকোর্টের আদেশে গত ২৯ মার্চ বিটিআরসি একুশে টিভিকে টেরিস্ট্ররিয়াল সম্প্রচারের অনুমতি দেয়।

ওই দিনই তরঙ্গ ও বেতার যন্ত্রের পাওনা বাবদ একুশে টিভির কাছে ৩০ কোটি ৯ লাখ টাকা দাবি করে বিটিআরসি। টাকা না দেওয়ায় ২২ এপ্রিল বিটিআরসি একুশে টিভির অনুকূলে দেওয়া তরঙ্গ স্থগিত করে দেয়।

এর বিরুদ্ধে ইটিভির দায়ের করা রিটের শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ৩০ কোটি টাকা চাওয়ার কোনো আইনগত অধিকার বিটিআরসির নেই। ইটিভি ইতোপূর্বে ৫ বছরের লাইসেন্স ফি দিয়েছে। এই ৫ বছর চ্যানেলটি সম্প্রচার কার্যক্রম চালাতে পারেনি।

সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আদালত রুল জারি করে সরকার ও বিটিআরসির কাছে জানতে চায়, তরঙ্গ স্থগিতের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না।

এদিকে হাইকোর্টের আদেশ সংশোধনের বিটিভির আবেদনের উপর শুনােিত অ্যাটর্নি জেনারেল ফিদ্ াএম কামাল বলেন, নিরাপত্তার কারণে বিটিভির স্থাপনায় অন্য কাউকে ঢুকতে না দেওয়ার ব্যাপারে সরকারের একটি আদেশ আছে।