ড. মোশাররফের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে নতুন এ মামলাটি করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোছাম্মৎ আলেয়া বেগম।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা এ মামলায় ড. মোশাররফসহ পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
মহানগর হাকিম মিজানুর রহমান বিষয়টি তদন্তের জন্য রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে আলেয়া বেগম অভিযোগ করেন, স্বামীকে পাঁচ লাখ টাকার বিনিময়ে ইতালি পাঠানোর শর্তে মামলার দ্বিতীয় আসামী মহসীনের সঙ্গে তার চুক্তি হয়। ২০০৬ সালের ৫ জুন স্বামীকে নিয়ে মহসীনের সঙ্গে দেখা করতে গেলে সায়েদাবাদ বাস টার্মিনালে মোশাররফ হোসেন ছাড়া অন্য আসামিরা তাদের ঘিরে ফেলে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়। তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার ডলারসহ পাসপোর্ট ও চুক্তিনামা ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
তিনি অভিযোগ করেন, ওই সময় ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করলেও খন্দকার মোশাররফ হোসেন প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নেন।
তিনি আরও বলেন, ড. মোশাররফের ছত্রছায়ায় মহসীন সায়েদাবাদে ঢাকা-হোমনা রুটের বাস কাউন্টারে আস্তানা গেঁড়ে চাঁদাবাজি করে আসছিল।
গত ৮ এপ্রিল একই আদালতে ড. মোশাররফ ও মহসীনসহ সাতজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন রাজধানীর মানিকনগর এলাকার বাসিন্দা আবুল হোসেন।
