পাষণ্ড বাবা!
বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে স্কুল ছাত্রী এক মেয়ে। ঢাকার ধামরাই উপজেলায় সংঘটিত এ ঘটনায় মেয়েটি বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে।
জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে অপকর্মের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মেয়েটি অভিযোগ করে, ১৪ এপ্রিল ভাইকে নিয়ে তার মা মামার বাড়ি বেড়াতে যান। ওইদিন বাড়িতে সে আর তার বাবা ছাড়া আর কেউ ছিল না। ওই রাতেই বাবার কাছে ধর্ষণের শিকার হয় সে। কিন্তু লজ্জায় বিষয়টি চেপে যায় সে। কিন্তু পরের তিন রাতেও বাবা তাকে ধর্ষণ করে। ২১ এপ্রিল মা বাড়িতে ফিরে এলে সে মায়ের কাছে সবকিছু খুলে বলে।
বিষয়টি জানার পর মা ছেলেমেয়েদের নিয়ে বোনের বাড়িতে চলে যান এবং আত্মীয়-স্বজনের সহায়তায় বুধবার সন্ধ্যায় এ ব্যাপারে ধামরাই থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন। এর কয়েক ঘণ্টা পর পুলিশ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার সহকারী উপ পরিদর্শক হাবিবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া মোশাররফ হোসেন নিজেও ধর্ষণের কথা স্বীকার করেছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেয়েটির মা বলেন, “সবকিছু জানতে পেরে আমি স্বামীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। এক পর্যায়ে সে সবকিছু স্বীকার করেছে। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।”
