শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন
১৯৭১ সাল। চারদিকে যুদ্ধের দামামা। দেশপ্রেমী তরুণরা দলবেঁধে নাম লেখাচ্ছে মুক্তিযোদ্ধার খাতায়, ঝাঁপিয়ে পড়ছে দেশ স্বাধীন করার অদম্য বাসনায়।
টগবগে তরুণ রুমীও বসে নেই, যোগ দিলো মুক্তিযুদ্ধে। এদিকে প্রাণপ্রিয় ছেলের চিন্তায় বিনিদ্র রাত কাটান মা, আর ডায়রির পাতায় লিখে চলেন রুদ্ধশ্বাস সেই দিনগুলোর কথা। ‘একাত্তরের দিনগুলি’ শিরোনামে তিনি তুলে ধরেন এক মুক্তিযোদ্ধার মায়ের অনুভূতি আর বেদনা। যুদ্ধ শেষে ঘরে না ফেরার তালিকায় রুমীর নাম যুক্ত হলে মায়ের সে হাহাকার ছড়িয়ে পড়ে সবখানে। জাহানারা ইমাম নামটা সেই থেকে বিশেষায়িত ‘শহীদ জননী’ হিসাবে। ৩ মে বৃহস্পতিবার তার ৭৮তম জন্মদিন।
এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার। এরপর ঘাতক দালাল নির্মূল কমিটির বৃহত্তর মিরপুর শাখার সভাপতি খায়রুল আলম বকুল উপস্থিত সবাইকে জাহানারা ইমামের আদর্শে শপথ বাক্য পড়ান। সেখানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, কাজী লুৎফর রহমান বকুল, সেলিনা তর্কবাগীশ প্রমুখ।
জন্মবার্ষিকী উপলক্ষে ২ মে মঙ্গলবার বিকেল ৪টায় ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে ‘একাত্তরের যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম।
১৯২৯ সালের ৩ মে মূর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম জাহানারা ইমামের। সে সময় মুসলিম মেয়েদের স্কুলে যাওয়ার রেওয়াজ না থাকায় পড়াশোনার হাতেখড়িটা হয় তার ঘরে বসেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবা আব্দুল আলী পড়ালেখায় মেয়ের আগ্রহ দেখে তাকে উৎসাহ যোগাতে থাকেন। ১৯৪২ সালে অনিয়মিত ছাত্রী হিসাবে রংপুর থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেন। এরপর ১৯৪৪ সালে কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। বিএ’র পাট চুকান তিনি কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ থেকে ১৯৪৭ সালে। সেখান থেকে ফিরে শিক্ষিকা হিসাবে যোগ দেন ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ে। স্কুলে চাকরির সময় ১৯৪৮ সালের ৯ আগস্ট তার বিয়ে হয় প্রকৌশলী শরিফুল আলম ইমাম আহমেদের সঙ্গে।
বিয়ের কিছুদিনের মধ্যে শরিফুল আলম উচ্চতর প্রশিক্ষণের জন্য দেশের বাইরে চলে যান। বিদেশ থেকে ফেরার পর এই দম্পতি থিতু হন ঢাকায়। জাহানারা ইমাম যোগ দেন সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে। ১৯৫২ সালে তিনি সিদ্ধেশ্বরীর প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ পান। ১৯৬০ সালে টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি বিএড শেষ করার পর ১৯৬৪ সালে ফুলব্রাইট বৃত্তি নিয়ে তিনি পাড়ি জমান আমেরিকায়। ঢাকায় ফিরে ১৯৬৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর যোগ দেন টিচার্স ট্রেনিং কলেজে। সেখানে দুইবছর কাজ করার পর তিনি যোগ দেন ভাষা ইনস্টিটিউটে।
তারপর শুরু হয় যুদ্ধ। জাহানারা ইমাম হারান স্বামী আর ছেলেকে। উত্তুঙ্গ সেই সময়কার দিনগুলোর কথা নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। এই গ্রন্থের মধ্য দিয়েই সবার আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। তার আগেই জাহানারা ইমামের মুখে ক্যান্সার ধরা পড়ে। কিন্তু তাতে থেমে থাকেননি শহীদ জননী। চলতে থাকে একের পর এক গল্প, উপন্যাস লেখা।
১৯৮৫ সালে প্রকাশিত হয় তার ‘অন্যজীবন’ ও ‘বীরশ্রেষ্ঠ’। একে একে প্রকাশিত হয় জীবন মৃত্যু (১৯৮৮), চিরায়ত সাহিত্য (১৯৮৯), বুকের ভিতরে আগুন (১৯৯০), নাটকের অবসান (১৯৯০), দুই মেরু (১৯৯০), নিঃসঙ্গ পাইন (১৯৯০), নয় এ মধুর খেলা (১৯৯০), ক্যান্সারের সঙ্গে বসবাস (১৯৯১) এবং প্রবাসের দিনলিপি (১৯৯২)।
মুখে অস্ত্রপচারের কারণে জীবনের শেষভাগে কথা বলতে খুব কষ্ট হতো, আড়ষ্ট হয়ে গিয়েছিল কণ্ঠস্বর। তবু থেমে থাকেননি তিনি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধটার শুরু এ সময়েই। কোনো রাজনৈতিক দলে নাম না লিখিয়েও তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ত্ব। ১৯৯২ সালে গঠন করেন ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে নাগরিক আন্দোলনের সূচনা করেন তিনি। বহুল আলোচিত প্রতীকী ‘গণ আদালত’ তৈরি করে ঘাতকদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তিনি।
ক্যান্সার আর ঘাতকদের সঙ্গে লড়তে লড়তেই তিনি ১৯৯৪ সালের ২৬ জুন মারা যান। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকাতেই সমাহিত করা হয়।
