শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী বৃহস্পতিবার
৩ মে বৃহস্পতিবার শহীদ জননী জাহানারা ইমামের ৭৮তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে সকাল আটটায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে ‘একাত্তরের যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম।
নির্মূল কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর। আলোচনা করেন বিচারপতি কে এম সোবহান, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) এম হারুন-অর রশীদ বীর প্রতীক, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, মুক্তিযুদ্ধে নির্যাতিত ফেরদৌসী প্রিয়ভাষিণী ও শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী।
১৯২৯ সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগে পাকিস্তানি সেনাবাহিনী তার ছেলে ও স্বামীকে হত্যা করে।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ১৯৯২ সালে নাগরিক আন্দোলনের সূচনা করেন জাহানারা ইমাম।
