২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ব্রহ্মপুত্র সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত

শেরপুরে ব্রহ্মপুত্র সেতু উদ্বোধনের পর তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

৪৫২ দশমিক ৬৮ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৪২ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার টাকা।

যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বুধবার দুপুরে সেতুটি উদ্বোধন করেন।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বায়েজিদ, শেরপুরের জেলা প্রশাসক শেখ আবদুল আহাদ, পুলিশ সুপার গাজী জসিম উদ্দিন, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ শেরপুর ও জামালপুর জেলা সেনা ক্যাম্পের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হক জানান, শেরপুর, জামালপুর, বনগাঁও সড়কে ব্রহ্মপুত্র নদের ওপর এই সেতুটি নির্মাণের ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ সহজতর হয়েছে। ফলে ধানুয়া কামালপুর ও নাকুগাঁও স্থল বন্দর থেকে আমদানি করা কয়লা ও পাথরসহ শেরপুর জেলার কৃষি সামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের বিষয়টিও সহজ হয়েছে।

সেতুটি নির্মাণের কাজ শুরু হয় ২০০০ সালের ১০ ফেব্রুয়ারি এবং ২০০৭ সালের ৩০ এপ্রিল তা শেষ হয়।