নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার শশীদল স্টেশনের কাছে যাত্রীবাহী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে বিকেল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী, চট্টগ্রাম-সিলেট রেলপথের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
কসবা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বিকেল ৩টার দিকে কসবার পার্শ্ববর্তী রেল স্টেশন শালদা নদী ও কুমিল্লার শশীদল রেল স্টেশনের মাঝামাঝি স্থানে নাসিরাবাদ ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এরপর এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আখাউড়া রেল জংশনের কেবিনে কর্মরত ফয়েস ম্যান হামদু মিয়া জানান, কুমিল্লার লালমাইয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের পর শশীদলে এসে নাসিরাবাদ এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার লালমাইয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে আট ঘন্টা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
