২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে তাপপ্রবাহ, লোডশেডিং আর ডায়রিয়ায় জনজীবনে ভোগান্তি

সারা দেশের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্র্রবাহ বয়ে যাচ্ছে। ফলে গরম এবং সেই সঙ্গে লোডশেডিংয়ের কারণে হাঁসফাঁস দশা মানুষের। এ সময়ে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। রাজধানীতে ডায়রিয়া রোগীর সংখ্যাও বেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 05:54 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

গত এক সপ্তাহ ধরেই মহাখালি কলেরা হাসপাতালে প্রতিদিন সাড়ে তিনশ জন এর বেশি রোগী ভর্তি হচ্ছে। গত মাসের তুলনায় এ সংখ্যা দেড়শ বেশি। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৩৭২ জন।

সুন্দরবনে এক বাঘের মৃত্যুর পর চিকিৎক ও বন কর্মকর্তাদের ধারনা হিট স্ট্রোকে পশুটি মারা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমেরন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, মঙ্গলবার কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বুধবার আরও বিস্তৃত হয়েছে। বৃহস্পতিবারও এ ধারা অব্যাহত থাকবে।

বুধবার বিকাল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে থেকে ধেয়ে আসা শুষ্ক পশ্চিমা বায়ু প্রবাহের কারণে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকায় বৃষ্টি হচ্ছে না।

তবে বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘু চাপ সৃষ্টি হয়েছে। লঘু চাপ এবং পশ্চিমা বায়ু প্রবাহের কারণে দেশে দক্ষিণা বায়ু প্রবাহের গতি কমে গেছে। সাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণা বায়ু প্রবাহের গতি বৃদ্ধি পেলেই বৃষ্টিপাত হতে পারে।

তাপপ্রবাহের কারণে সোমবার থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপর অবস্থান করছে। বুধবারের দেশের বিভিন্ন স্থানের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে বগুড়ায় ৩৭ দশমিক ৫, খূলনা ৩৭ দশমিক ৪, সাতক্ষীরায় ৩৭ দশকিক ৩, রাজশাহী ৩৭ দশমিক ২, রাঙামাটি, সিলেট ও নোয়াখালীতে ৩৭ এবং রংপুরে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ নাইমা বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রাজশাহী, যশোর এবং কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবারের তুলনায় আজ (বুধবার) তাপমাত্রা আরও দুই এক ডিগ্রি বেড়েছে।

তাপপ্রবাহের পাশাপাশি লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সারদেশে সম্ভাব্য লোডশেডিং এর পরিমাণ ৫৮১ মেগাওয়াট বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে। বিদ্যুৎ বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার বিদ্যুতের মোট উৎপাদন ছিল তিন হাজার ৫৪০ মেগাওয়াট। বিপরীতে চাহিদা ছিল ৪ হাজার ২০০ মেগাওয়াট।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের চিকিৎসক প্রদীপ কে বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ডায়ারিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের শয্যা পূর্ণ হয়ে গেছে। এ ধারা অব্যাহত থাকলে দুই একদিনের মধ্যে শেডের বাইরে তাঁবু টানাতে হবে।

তবে তিনি জানান, এপ্রিল-মে মাসে ডায়রিয়ার প্রকোপ বাড়াটা অস্বাভাবিক কিছু নয়। এ সময় ডায়রিয়া জীবাণুর বংশ বিস্তার বাড়ে। ফলে অনেক সময়ই পিপাসার্ত মানুষ দূষিত পানি পান করে।

ডা. বর্ধন পরামর্শ দিয়েছেন, ডায়রিয়ার হাত থেকে রক্ষার জন্য বিশুদ্ধ পানি পান করতে হবে। পচা, বাসি খাবার খাওয়া যাবে না।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, প্রচণ্ড গরমে এ সময় হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। এতে আক্রান্ত হলে শরীরে পানি ও লবণের পরিমাণ কমে যায়। তাই আক্রান্ত রোগীকে পানি পান করাতে হবে এবং শীতল পরিবেশে রাখতে হবে।

গরমে খাবার গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রন্ধনকুশলী সিতারা ফেরদৌস বলেন, গরমে খাওয়ার ব্যাপারে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। ভাজাপোড়া একদমই খাওয়া চলবে না। কোমল পানীয় এড়িয়ে ঘোল, লেবুর শরবত, বেলের শরবত খাওয়া শরীরের জন্য উপকারী। এছাড়া হালকা মশলা দিয়ে তরকারি রান্নার পরামর্শও দিয়েছেন তিনি।