২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে আনসার সদস্যদের ওপর গুলিবর্ষণ, দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভেতর বুধবার সকালে কর্তব্যরত আনসার সদস্যের ওপর গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 03:42 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

গ্রেপ্তারকৃতরা হলো, রকিবুল ইসলাম রনি (২০) ও বিল্লাল হোসেন (৩০)।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, সকাল ১০টার দিকে সন্ত্রাসীরা স্মৃতিসৌধের ভেতর আনসার সদস্য সিরাজুল ইসলামের ওপর তিন রাউন্ড গুলি চালায়। শব্দ শুনে টহলরত র‌্যাব সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। ওই এ সময় রকিবুল ইসলাম রনিকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে পুরো এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান।

তিনি বলেন, স্মৃতিসৌধ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কথা রনি স্বীকার করেছে। সে জানিয়েছে, চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণেই বিল্লালের নির্দেশে হত্যার উদ্দেশ্যে সিরাজুল ইসলামের ওপর গুলি চালানো হয়।

রনি জানায়, তাদের ছয় সদস্যের একটি ছিনতাইকারী দল রয়েছে। দলের অন্য সদস্যরা হচ্ছে, শামিম, সেলিম, সাজন ও নূর ইসলাম।

আরিফুল ইসলাম আরও জানান, দেশের তিনটি রেল স্টেশনে বোমা বিস্ফোরণের পর থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা করছিলেন তারা। তাই জাতীয় স্মৃতিসৌধের ভেতরও নিরাপত্তা জোরদার করা হয়।

সন্ত্রাসী চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে তিনি জানান।