এবারও আমের ফলন কম হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা
গত বছর ফলন ভালো হয়নি বলে উৎপাদন সম্ভাবনায় এ বছর আমের ‘অন ইয়ার’ অর্থাৎ ভাল ফলনের বছর হওয়ার কথা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন আমচাষী ও বিশেষজ্ঞরা।
সরেজমিন জেলার বিভিন্ন আম বাগান ঘুরে খুব কম সংখ্যক গাছেই আমের দেখা মিলেছে। অধিকাংশ গাছেই শোভা পাচ্ছে কচি পাতা। উদ্যান বিশেষজ্ঞরা বলছেন, গাছে কচি পাতা ধরলে আম আসে না।
সদর উপজেলার রামচন্দ্রপুরের আম ব্যবসায়ী এম হোসেন, চক আলমপুরের ইয়াসিন আলী, শিবগঞ্জ উপজেলার চক হরিপুরের রবিউল ইসলাম, আব্বাস বাজারের নাইমুল হক, ও রানীবাড়ি চাঁদপুরের বাদল জানান, মৌসুমের শুরুতে কিছু গাছে বিশেষ করে গুটি জাতের আম গাছে বেশ ভাল মুকুল ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে যায়। বাকি যে অল্প সংখ্যক গাছে আম হয়েছিল তা এখন অনাবৃষ্টি ও তীব্র তাপের কারণে বোটা শুকিয়ে ঝরে যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম মোর্ত্তজা বলেন, মৌসুমের শুরু অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বৃষ্টি ও কুয়াশাছন্ন আবহাওয়ার কারণে মুকুলে পর্যাপ্ত গুটি বাঁধেনি। যে কারণে এ বছর লক্ষ্যমাত্রার তুলনায় আমের উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে।
আঞ্চলিক উদ্যানতত্ত্ব কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দিন জানান, এবছর গুটি উৎপাদনে সক্ষম হার্মোক্লোরাইডের (পারফেক্ট ফ্লাওয়ার) পরিমাণ কম। অপরদিকে পুরুষ ফুলের সংখ্যা বেশি ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈরি আবহাওয়া। যার কারণে লক্ষ্যমাত্রার ২০/৩০ শতাংশ আম কম উৎপাদন হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অসীম কুমার মালাকার জানান, জানুয়ারি মাসে কোন বৃষ্টিপাত হয়নি। কিন্তু আম গাছ মুকুলিত হওয়ার সময় ফেব্রুয়ারি মাসেই ৩৭ মিলিমিটার ও মার্চ, এপ্রিল মাসে যথাক্রমে ১১ ও ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফেব্রুয়ারি মাসের বৃষ্টিই মুকুলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবছর জেলার ১৬ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে ১২ লাখ ৬ হাজার আম গাছ রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৪৭৫ হেক্টর জমিতে ১ লাখ ৭৮ হাজার ২শ আম গাছ, শিবগঞ্জ উপজেলায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে ৭ লাখ ৩৮ হাজার আম গাছ, গোমস্তাপুর উপজেলায় ১ হাজার ৯ শ ৬০ হেক্টর জমিতে ১ লাখ ৪১ হাজার ১২০টি আম গাছ, নাচোল উপজেলায় ৪শ ৪০ হেক্টর জমিতে ৩১ হাজার ৬শটি আম গাছ ও ভোলাহাট উপজেলায় ১ হাজার ৬শ ২৫ হেক্টর জমিতে ১ লাখ ১৭ হাজারটি আম গাছ রয়েছে।
সম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে জমির পরিমাণ বেড়েছে। গত পাঁচ বছরে ১০ হাজার হেক্টর থেকে বর্তমানে আম চাষের জন্য জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার হেক্টরে। একইভাবে আমের উৎপাদনও বৃদ্ধি পেয়ে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনে দাড়িয়েছে।
