২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপমাত্রা বাড়ছেই

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের তাপপ্রবাহ বুধবার আরও বেড়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 01:43 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমেরন্দ্র কর্মকার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, দেশের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, কুষ্টিয়া ও যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের তাপপ্রবাহ আগের দিনের তুলনায় বুধবার আরও বাড়ছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ নাইমা বাতেন জানান, রাজশাহী, যশোর এবং কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবারের তুলনায় আজ (বুধবার) তাপমাত্রা আরও দুই এক ডিগ্রি বেড়েছে।

অসহনীয় এই গরমে খাবার গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রান্নাবিদ সিতারা ফেরদৌস জানান, গরমে খাওয়ার ব্যাপারে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। এ সময় ভাজাপোড়া একদমই খাওয়া চলবে না। কোমল পানীয় এড়িয়ে ঘোল, লেবুর শরবত, বেলের শরবত খাওয়া শরীরের জন্য উপকারী।

এ সময়ে হালকা মশলা দিয়ে তরকারি রান্না করতেও তিনি পরামর্শ দিয়েছেন।