ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ ৪ চোর গ্রেপ্তার
উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর দলের চার সদস্যকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে শহরতলীর ঘাটুরা এলাকায় একটি ট্রাক (ঢাকা-ট-১৬) থেকে চার চোরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি অত্যাধুনিক কাটার মেশিন জব্দ করা হয়েছে।”
মহিউদ্দিন জানান, গত কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়া শহরের আশপাশের স্থান থেকে ছয়টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃতরা চার সদস্য হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার মো. তারা মিয়া, ভোলার দৌলতিয়ার মুর্শেদ, নারায়ণগঞ্জের কাঞ্চনের আবদুল জব্বার এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার তালতলার হাবিবুল বারী।
এদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
