২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ করা বিলাসবহুল গাড়ি নিয়ে বিপাকে থানা

দেশে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর জব্দ করা কমপক্ষে ৩০টি বিলাসবহুল গাড়ি রাজধানীর বিভিন্ন থানা চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে।

নিজস্ব প্রতিবেদক

আবু নোমান সজীব,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 12:25 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

জব্দ করা এসব গাড়ির ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশ না আসায় রাজধানীর ৩৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) পড়েছেন বিপাকে।

বেশিরভাগ থানায় গাড়ি রাখার ছাউনি না থাকায় দামি এ গাড়িগুলোর যন্ত্রাংশ চুরি বা হারিয়ে যাওয়া নিয়েও পুলিশ কর্মকর্তারা আছেন দুশ্চিন্তায়।

এর আগে ২৭ মার্চ সেনাপ্রধান মইন উ আহমেদ মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে জব্দ করা গাড়ি নিলামে বিক্রি করে সেই টাকা দিয়ে হাসপাতাল তৈরির প্রস্তাব দেন। অবশ্য ওই প্রস্তাবের ব্যাপারেরও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

যে থানাগুলোতে গাড়ি রাখা আছে:

ধানমন্ডি থানা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি লেক্সাস, একটি নিশান পেট্রোল এবং একটি পাজেরো ল্যান্ড রোভার, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর একটি ইনফিনিটি এবং সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার একটি পোর্শে গাড়ি।

গুলশান থানা: আওয়ামী লীগের সাবেক সাংসদ মির্জা আজমের একটি গাড়ি।

শ্যামপুর থানা: বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন মডেলের ছয়টি গাড়ি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা: আত্মগোপনে থাকা ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিএমডব্লিউ ও লেক্সাসসহ চারটি গাড়ি।

রমনা থানা: পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা কালো রংয়ের হ্যামার (ঢাকা মেট্রো ঝ-১৪-১৩৬২)।

ক্যান্টনমেন্ট থানা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর একটি পোর্শে হার্ডজিপ এবং তারেক রহমানের ব্যবসায়ীক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের একটি বিএমডব্লিউ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “জব্দকৃত গাড়িগুলোর ব্যাপারে আদালতে মামলা প্রক্রিয়াধীন আছে। এগুলো মামলার আলামত বলে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাড়ির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না।”

জব্দ করা গাড়ি ডিএমপির বিভিন্ন থানায় অযত্ম-অবহেলায় পড়ে থাকার ব্যাপারে প্রশ্ন করা হলে নাইম আহমেদ বলেন, “গাড়িগুলো কাপড় বা পর্দা দিয়ে ঢেকে রাখার জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে।”

স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে (উপদেষ্টা পরিষদ) সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।”

জব্দ করা গাড়ির বিষয়ে এখন পর্যন্ত উচ্চপর্যায়ের কোনো নির্দেশনা আসেনি বলেও তিনি জানান।

অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন “উপদেষ্টা পরিষদের বৈঠকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আলোচনাই হয়নি।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পাঠানো হলে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”