বিশেষ আদালতে ‘দুর্নীতিবাজ’দের বিচার শুরু আগামী সপ্তাহে, নিয়োগ পেয়েছেন পাঁচ বিচারক
সন্দেহভাজন দুর্নীতিবাজদের মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে জাতীয় সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহ থেকে।
বিশেষ আদালতের বিচার কাজ পরিচালনার জন্য গত ২৫ এপ্রিল পাঁচজন বিচারককে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা।
আইন মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ এর একটি সূত্র জানায়, ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ফিরোজ আলমকে বিশেষ জজ আদালত-১, ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অমর কুমার রায়কে বিশেষ জজ আদালত-২, ঢাকা প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান শাহেদ নুর উদ্দিনকে বিশেষ জজ আদালত-৩, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম সামসুন নাহারকে বিশেষ জজ আদালত-৪ এবং রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেনকে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষ আদালতের জন্য নিয়োগ পাওয়া বিচারকরা ৩০ এপ্রিল তাদের দায়িত্ব বুঝে নেন বলেও জানায় সূত্রটি।
আইন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আগামী ৩ মে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিশেষ আদালতে দায়িত্বপ্রাপ্ত পাঁচজন বিচারক যোগ দেবেন। আশা করছি পরের সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে তারা বিচার কাজ শুরু করবেন।”
নিয়মিত আদালতের ওপর চাপ না বাড়িয়ে বড় বড় দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার গত মাসে জাতীয় সংসদ ভবনে একটি বিশেষ আদালত স্থাপন করে। এ জন্য জাতীয় সংসদ ভবন কর্তৃপক্ষের কাছ থেকে পুরানো এম পি হোস্টেলের ২ ও ৩ নম্বর ব্লকের ১ ও ২ নম্বর লাউঞ্জ, ডিনার হল, ২ ও ৩ নম্বর ব্লকের আটটি স্যুট ও ৪৮টি কক্ষ বরাদ্দ নেয় গণপূর্ত অধিদপ্তর।
এমপি হোস্টেলের ১ এবং ২ নম্বর এডি হলে তিনটি করে মোট ছয়টি আদালত স্থাপন করা হয়েছে। এছাড়াও সারাদেশে আরও ১৮টি একই রকম আদালত স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর মধ্যে ঢাকা অঞ্চলের জন্য পাঁচটি, চট্টগ্রামে তিনটি, রাজশাহীতে তিনিটি, খুলনায় তিনটি, সিলেটে দুটি এবং বরিশালে দুটি আদালত স্থাপন করা হবে।
দুর্নীতি দমন কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, “আওয়ামী লীগ নেতা মহীউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও আমানউল্লাহ আমানসহ দুর্নীতির অভিযোগে যে পাঁচ জনের বিরুদ্ধে কমিশন অভিযোগপত্র দিয়েছে তাদের বিচার বিশেষ আদালতেই হবে।”
গত ৬ মার্চ কমিশন তেজগাঁও থানায় মহীউদ্দিন খান আলমগীর, কাফরুল থানায় মীর মো. নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলাল উদ্দিন, গুলশান থানায় আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আলাদা তিনটি মামলা দায়ের করে।
গত ২৯ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
