২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব না দেওয়ায় শামীম ওসমানের ৩ বছরের কারাদণ্ড

নির্ধারিত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব না দেওয়ায় আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের বিভাগীয় বিশেষ জজ আবদুল কুদ্দুস মিয়া এই আদেশ দেন। শামীম ওসমান এখন আত্মগোপন করে আছেন। (আরও তথ্যসহ)

আদালত মামলার রায়ে বলেন, “আসামির অপরাধ এই যে-সে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের কাছে নিজের, স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যের নামে অথবা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেনি। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ এর ১, ২, ৩ ধারা অনুযায়ী আসামি শামীম ওসমানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। আসামি আত্মসমর্পণ অথবা তাকে আটকের পর সাজার আদেশ কার্যকর হবে।”

দুর্নীতি দমন কমিশন প্রথম পর্যায়ে ৫০ শীর্ষ দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে তাদের সম্পদের হিসাব ৭২ ঘণ্টার মধ্যে কমিশনের কাছে দিতে বলে। গত ২০ ফেব্রুয়ারি শামীম ওসমানের বাড়িতে কাউকে না পেয়ে গেটে নোটিশ ঝুলিযে দেয় কমিশন।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় শামীম ওসমানের বিরুদ্ধে ৪ এপ্রিল মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক বেনজীর আহমেদ।

দুর্নীতি দমন কমিশন মামলার পরই শামীম ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর আদালতের নির্দেশে পুলিশ তার বাড়ির মালামাল জব্দ করে। এ সময় পুলিশ একটি ভাঙা খাট ও একটি স্টিলের আলমারি ছাড়া আর কিছুই পায়নি।

শামীম ওসমান পলাতক থাকা অবস্থায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে পাঁচজনের মধ্যে চার জন সাক্ষ্য দেয়।

অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) শামীম ওসমানকে ধরিয়ে দিতে গত ৭ এপ্রিল বিশ্বজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

২৫ এপ্রিল মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হয়। আদালত ৩০ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য় করেন।

সোমবার রায় ঘোষণার আগে শামীম ওসমানের পক্ষে অ্যাডভোকেট সুরুজ আলী, আসাদুজ্জামান, সিদ্দিকুর রহমান, মাসুদ উর রউফ আদালতকে বলেন, গত ২৫ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ নির্দেশ দিয়েছে শামীম ওসমানের প্রতিনিধি তার সম্পদের হিসাব দিলে তা কমিশনকে নিতে হবে। তাই তার বিরুদ্ধে এ মামলার কার্যকারিতা থাকে না।

তবে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট নবী হোসেন আদালতকে বলেন, হাইকোর্ট মামলা স্থগিত করার কোনও আদেশ দেননি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত ২০ পৃষ্ঠা লিখিত রায়ের মূল অংশ পড়ে শোনান।

এদিকে রায় ঘোষণার তারিখ থাকায় সোমবার সকাল থেকেই আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ কারণে আদালত এলাকায় রিকশা চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।