ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন
ঢাকা থেকে জামালপুরের জগন্নাথগঞ্জগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস সোমবার দুপুরে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এ কারণে দুপুর দেড়টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
পরে বিকল্প পথে রেল যোগাযোগ আবার চালু হয়।
ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর আ. রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যাগঞ্জ স্টেশনের কাছে অগ্নিবীণা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ যাত্রী সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ট্রেনের বগিগুলো টেনে তোলার কাজ শুরু করে।
রাত ৯টার পর বিকল্প পথে ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছেন আ. রাজ্জাক।
