মঙ্গলবার থেকে বাড়ছে সিএনজি অটোরিকশা ভাড়া
সিএনজি অটোরিকশার ভাড়া ও জমার টাকা বাড়ছে মঙ্গলবার থেকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং মালিক-শ্রমিক সংগঠনগুলো একমত হওয়ার পর পুননির্ধারিত এই ভাড়া ও জমার টাকা কার্যকর হচ্ছে।
এখন থেকে সিএনজি অটোরিক্সা যাত্রীদের প্রথম ২ কিলোমিটার ১২ টাকার পরিবর্তে সাড়ে ১৩ টাকা দিতে হবে। এছাড়া পরবর্তী প্রতি কিলোমিটার পাঁচ টাকার পরিবর্তে করা হয়েছে সাড়ে পাঁচ টাকা।
যানজটে অপেক্ষার সময় প্রতি মিনিটে ভাড়া ৫০ পয়সার পরিবর্তে বাড়িয়ে ৭৫ পয়সা করা হয়েছে। নতুন নীতিমালায় যে কোনো দূরত্বে অটোরিক্সা যাওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এছাড়া দৈনিক জমা ৩০০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা করা হয়েছে।
চলতি মাসের ৮ তারিখ যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মালিক এবং চালক নেতাদের উপস্থিতিতে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন সিএনজি অটোরিক্সার নতুন ভাড়া নির্ধারণের ঘোষণা দেন।
বিআরটিএর পরিচালক (প্রকৌশলী) হারুনুর রশীদ খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে সোমবার বলেন, “সিএনজি চালকরা জমার টাকা ৩০০ টাকার পরিবর্তে এখন থেকে ৪৫০ টাকা দেবেন। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “যাত্রী হয়রানি বন্ধ করতে বিআরটিএ বদ্ধপরিকর। আগামীকাল থেকেই নতুন নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে।”
স্বল্পতম দূরত্বে কোনো চালক যেতে রাজি না হলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অভিযোগ জানাতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন হারুনুর রশীদ খলিফা।
তিনি বলেন, “চালকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স বাতিল করা হবে।”
পূননির্ধারিত ভাড়া ও জমার টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা তা বিআরটিএর মোবাইল টিম নিয়মিত পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।
নতুন ভাড়ার হার সম্বলিত মিটার সব সিএনজি অটোরিকশায় সংযোজন করা হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে হারুনুর রশীদ খলিফা জানান, অনেক সিএনজি অটোরিকশাতেই মিটার ঠিক করা হয়েছে। যেগুলোতে ঠিক করা হয়নি আগামী ১০/১৫ দিনের মধ্যেই তা ঠিক করা হবে।
যেসব সিএনজি অটোরিকশাতে নতুন মিটার লাগানো হয়নি সেগুলোতে ভাড়ার চার্ট লাগিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
