অবৈধভাবে ভরাট করা গুলশান লেকের মাটি সরিয়ে নিল রাজউক
গুলশান লেকের পাশে অবৈধভাবে ভরাট করা মাটি সরিয়ে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জরুরি অবস্থা জারির আগে গুলশান ৬ নম্বর সড়কের ১৮ নম্বর প্লটের ওই জমিতে ‘খরিদ সূত্রে এই জমি মোসাদ্দেক আলী ফালুর সম্পত্তি’ লেখা একটি সাইন বোর্ড টাঙানো ছিল।
জরুরি অবস্থা ঘোষণার পর ওই সাইন বোর্ড সরিয়ে ডা. সাজিয়া শাহরীন চৌধুরী ও মিস লাজিয়া তাসমিম চৌধুরীকে মালিক হিসেবে উল্লেখ করে সাইন বোর্ড টাঙানো হয়। সোমবার দুপুরে রাজউক এ অভিযান চালায়।
রাজউক সোমবার ক্রেন দিয়ে সাইনবোর্ডটি গুড়িয়ে দেয়। একই সঙ্গে সিটি করপোরেশনের দুটি ট্রাক ক্রেনের মাধ্যমে তোলা মাটি সরিয়ে নেয়।
ঢাকা সিটি করপোরেশন ও রাজউকের যৌথ উদ্যোগে গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের আওতায় লেকের পাশের জমি অবৈধ দখলমুক্ত করার অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে।
লেক উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী রায়হানুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, লেকের পাশ দিয়ে হাঁটার পথ তৈরির সিদ্বান্ত নিয়েছি আমরা। এ কারণে লেকের আশেপাশের জমি দখলমুক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যত শক্তিশালী ব্যাক্তিই লেকের পাশে অবৈধভাবে মাটি ভরাট করুক না কেন, আমরা তা সরিয়ে নেব।
রাজউকের একটি সূত্র জানিয়েছে, গুলশান ছয় নম্বর সড়কের শেষ মাথায় লেকের পাশ ঘেঁষে প্রায় দুই কাঠা জমিতে মাটি ফেলে সেখানে দেওয়াল নির্মাণ করেছিলেন মোসাদ্দেক আলী ফালু। এ ব্যাপারে রাজউকের কোনো অনুমতি নেননি তিনি। সাবেক পূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের যোগসাজশে ওই জমি ভরাট করার প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি।
