ভোটার তালিকা হয়ে গেলে ১৮ মাসের আগেই নির্বাচন
ভোটার তালিকা করতে পারলে ১৮ মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন করবে নির্বাচন কমিশন। সোমবার থেকে কমিশন ১৮ মাসের সময় গণনা শুরু করেছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা সোমবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান। সিইসি বলেন, “আমরা যদি ১৮ মাসের আগে ভোটার তালিকা করতে পারি, তবে এর আগেই নির্বাচন করে ফেলব।”
তিনি আরও বলেন, “ঢাকা, রাজশাহী বা খুলনায় ভোটার সংখ্যা বেশি, এই সব শহরাঞ্চলে আগে ভোটার তালিকা করতে পারলে সেখানকার সিটি করপোরেশন নির্বাচন করে ফেলা হবে-এমন সম্ভাবনাও আছে।”
সোমবার থেকে ভোটার তালিকা নিয়ে পরামর্শকরা কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “আজ (সোমবার) থেকেই ছবিসহ ভোটার তালিকা তৈরির ১৮ মাস সময়ের ক্ষণগণনা শুরু হয়েছে। ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”
ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠনের রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি বন্ধ করতে নির্বাচন কমিশন দলগুলোর নিবন্ধনে নতুন শর্ত দেওয়ার কথা ভাবছে বলেও জানান সিইসি।
তিনি বলেন, “আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের নিবন্ধনে নতুন কোনো শর্ত দেওয়া যায় কি না, আমাদের তা পরীক্ষা করে দেখতে হবে। আমরাও সংগঠনগুলোর জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি বন্ধ করতে চাই।”
আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রোববারই সাংবাদিকদের বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে ছাত্র সংগঠনগুলোকে বের করে আনাই সরকারের মূল লক্ষ্য। তাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দল যেন ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করতে না পারে সে জন্য বিশেষ আইন হওয়া প্রয়োজন।
এদিকে সোমবার সকালে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় তৈরি করার জন্য সিইসি পরামর্শদের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন। এতে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন ছাড়াও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান উপস্থিত ছিলেন।
এই বৈঠক সম্পর্কে সিইসি ড. এ টি এম শামসুল হুদা জানান, ছবিসহ ভোটার তালিকা তৈরি প্রকল্পের জন্য কাগজপত্র প্রস্তুত ও কর্মপদ্ধতি নির্ধারণ করতে পরামর্শকরা দুমাস সময় নেবেন। আর দুসপ্তাহের মধ্যে এই প্রকল্পের জন্য কম্পিউটারসহ নানা উপকরণ কেনা হবে। পরামর্শকদের জানানো হয়েছে, কমিশন তিন সপ্তাহের মধ্যে ছবিসহ ভোটার তালিকার পরীক্ষামূলক কাজ শুরু করতে চায়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান জানান, ইউএনডিপি ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। উচ্চতর প্রযুক্তি ব্যবহার করে এদেশে এই প্রথম এ ধরনের ভোটার তালিকা হতে যাচ্ছে বলেও তিনি জানান।
