দুই সচিবকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ
কম দামে সরকারি বাড়ি বিক্রি করে দেওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন দুই ওএসডি সচিব। গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার এই দুই সচিব এস এম জাফর উল্লাহ ও শহিদ আলমকে প্রায় আড়াই ঘণ্টা ধরে একটানা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি সংক্রান্ত টাস্কফোর্স।
এস এম জাফর উল্লাহ এ ব্যাপারে মুখ না খুললেও শহিদ আলম সাংবাদিকদের জানান, সরকারের ২৯টি বাড়ি কম দামে বিক্রির অভিযোগ সম্পর্কে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে।
এস এম জাফর উল্লাহ গৃহায়ণ ও পূর্ত সচিব ছিলেন এবং শহিদ আলম ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব। সম্প্রতি তাদের ওএসডি করা হয়।
বেলা ১২টায় দুর্নীতি সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। দুপুর ২টা ২৬ মিনিটে জিজ্ঞাসাবাদ শেষে এস এম জাফর উল্লাহ ওই কক্ষ থেকে বের হয়ে আসলে সাংবাদিকরা তার কাছে জিজ্ঞাসাবাদের কারণ জানতে চান।
জবাবে তিনি বলেন, “প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। মানসিক ভাবে আমি ভালো নেই। আমার জন্য দোয়া করবেন।”
অন্যদিকে শহিদ আলম সভাকক্ষ থেকে বের হন দুপুর পৌনে তিনটায়। তিনিও প্রথমে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
অবশ্য এক প্রশ্নের জবাবে শহিদ আলম বলেন, “সরকারের ২৯টি বাড়ি প্রসঙ্গেই জিজ্ঞাসাবাদ করেছেন টাস্কফোর্স সদস্যরা।”
গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত জোট সরকারের সময়ে শহিদ আলম রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় রাজউক ২৯টি সরকারি বাড়ি কম দামে বিক্রি করে দেয়। জাফর উল্লাহ ওই সময় রাজউকের সদস্য ছিলেন।
