সুনামগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের পিয়ন গোপিকা রঞ্জন দাসকে ৪৩ লাখ টাকা আত্মসাতের মামলায় পুলিশ রোববার দুপুরে তার নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে।
জামালগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী খালেকুজ্জামান জানান, রেজিস্ট্রি করে ব্যাংকে টাকা জমা দেওয়ার দায়িত্ব ছিল গোপিকা রঞ্জন দাসের। সেই টাকা তিনি জমা না দিয়ে আত্মসাত করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশ। পরে বিকাল ৫ টায় তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকারও করেছেন তিনি। গ্রেপ্তারকৃত গোপিকা রঞ্জন দাসের বাড়ি জামালগঞ্জ সদরের নয়াহালট গ্রামে।
