২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ মের মধ্যে ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা কম: মইনুল

আগামী ৮ মের মধ্যে দেশে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভবনা কম। রোববার রাতে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এ কথা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 12:20 AM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মইনুল হোসেন বলেন, “৮ মের মধ্যে বোধহয় ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। তবে এটি সত্য যে, আমাদের সবার চিন্তাভাবনার মধ্যে আছে-যত তাড়াতাড়ি ঘরোয়া রাজনীতির পুনঃপ্রবর্তন করা যায়।”

আইন উপদেষ্টার মতে, সরকার ও সরকারের বাইরে থাকা ভিন্নমতের কারণে ওই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না। তিনি বলেন, “শুধু সরকার নয়, সরকারের বাইরেও যারা আছেন, তারাও ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। এ কারণে ৮ মের মধ্যে ঘরোয়া রাজনীতি শুরু হচ্ছে না। সবকিছু নির্ভর করছে রাজনৈতিক ‘ডেভেলপমেন্টের’ ওপর।”

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ৮ মের মধ্যে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ঘরোয়া রাজনীতি শুরু হলে কমিশন নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে বলে তিনি সাংবাদিকদের জানান।

ব্যারিস্টার মইনুল রোববার রাতে বিবিসিকে আরও বলেন, “এটা তো সত্য যে, একটা নৈরাজ্যকর রাজনীতি থেকে বাঁচার জন্য পরিবর্তনটা এসেছে এবং জনগণ একে সমর্থন দিচ্ছে। তবে আমরা চিন্তা করছি, যত তাড়াতাড়ি ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠানো যায়।”