হাসিনার চাঁদাবাজি মামলার তদন্ত নিয়ে টানাপড়েন
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা তিন কোটি টাকার চাঁদাবাজির মামলার তদন্ত কারা করবে তা নিয়ে চলছে টানাপড়েন।
দুর্নীতি দমন কমিশন মনে করছে আইনগতভাবেই মামলাটি তদন্তের এখতিয়ার তাদের নেই। অন্যদিকে পুলিশ চাইছে চাঁদাবাজির মামলা হলেও কমিশনই এর তদন্ত চালাক।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এ ব্যাপারে রোববার দুপুরে কমিশনে দুই সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনাও হয়েছে।
ওই কর্মকর্তা জানান, দুর্নীতি সংক্রান্ত ধারায় মামলাটি দায়ের করা হয়নি বলে তদন্ত করার কোনো এখতিয়ার কমিশনের নেই। পুলিশই কেবল মামলাটি তদন্ত করতে পারে।
রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে শেখ হাসিনার মামলার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার তদন্ত কর্মকর্তা, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলমও প্রতিনিধি দলের সঙ্গে কমিশনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরীসহ কমিশনে উপস্থিত সাংবাদিকরা তাকে সেখানে দেখেছেন।
আলোচনা শেষে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “দুর্নীতির মামলাগুলোর ব্যাপারে ডিএমপি কীভাবে কমিশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারে সেই বিষয়ে কথা হয়েছে।”
অন্যদিকে, শেখ হাসিনার মামলা প্রসঙ্গে রোববার বিকেলে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “ওই মামলার তদন্ত কমিশনের আয়ত্বে পড়ে কিনা সেই বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে মামলার তদন্ত কেউ কমিশনের ওপর চাপিয়ে দিতে চাইছে সেই ধারণা ঠিক নয়। এটা একটি সম্মিলিত প্রচেষ্টা।”
রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলমের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি অবশ্য শেখ হাসিনার মামলার তদন্ত নিয়ে কোনো ধরনের টানাপড়েনের কথা পুরোপুরি অস্বীকার করেন। এমনকি রোববার দুপুরে দুর্নীতি কমিশনে যাননি বলেও দাবি করেন তিনি।
জানে আলম জানান, শেখ হাসিনার মামলাটি পুলিশই তদন্ত করবে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
গত ৯ মার্চ একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক রাজধানীর তেজগাঁও থানায় আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করেন।
তাজুল ইসলাম ফারুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ওই সময়ের ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারের বিরুদ্ধে দণ্ডবিধি ৩৮৫, ৩৮৭ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।
