২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় আলমগীর, মীর নাছির ও আমানের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের

দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে অবৈধভাবে অর্জিত অর্থের হিসাব উল্লেখ না করার অভিযোগে দায়ের করা দুই মামলায় মহিউদ্দিন খান আলমগীর ও মীর নাছির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মীর নাছিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকেও পিতার সঙ্গে অভিযুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একইদিন রোববার সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মহিউদ্দিন খান আলমগীর ও মীর নাছির উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটোর তদন্ত কর্মকর্তা বিকাল সোয়া ৪টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুদকের প্রসিকিউটিং শাখায় অভিযোগপত্র দুটি দাখিল করেন। হাকিম জগন্নাথ দাস খোকন তার প্রাপ্তি স্বীকার করে তা বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানোর আদেশ দেন।

গত ৬ মার্চ তেজগাঁ থানায় মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলাটির বাদী হলেন দুদকের উপপরিচালক জীবন কৃষ্ণ রায়।

এ মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক শারমীন ফেরদৌসী অভিযোগপত্রে উল্লেখ করেন, মহিউদ্দিন খান আলমগীর আইএফআইসি ব্যাংক, কারওরান বাজার শাখায় তার ৬টি এফডিআর এ মোট ১ কোটি ১৭ লাখ টাকা ২০০৩ সালের ১৭ এপ্রিল থেকে চলতি বছরের ১৭ এপ্রিল মেয়াদে জমা থাকার বিষয়টি গত ৩০ জুন আয়কর বিবরণী ও দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন। অভিযোগপত্রে ১২ জনকে রাষ্ট্রপক্ষে সাক্ষী দেখানো হয়েছে।

গুলশান থানায় মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার বাদি হচ্ছেন দুদকের উপপরিচালক শারমীন ফেরদৌসী।

এ মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ অভিযোগপত্রে উল্লেখ করেন নাছির উদ্দিন তার স্ত্রী ডালিয়া নাজনীন, ছেলে হেলালউদ্দিন ও মেয়ে ইসরাত নাজনীনের নামে মোট ২২ কোটি ৫০ লাখ ৬ হাজার ৯শ ৯৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। কিন্তু দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি এরমধ্যে ৩ কোটি ২২ লাখ ১১ হাজার ৬শ ৩৭ টাকা সম্পদের কথা চেপে গেছেন।

অভিযোগপত্রে বলা হয়, মীর নাছিরের ছেলে মীর হেলাল পিতার সম্পদের প্রত্যক্ষ সুবিধাভোগী হয়ে পিতার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপন করার জন্য তার বাবা আটক হওয়ার পরপরই বিভিন্ন ব্যাংকে তাদের যৌথ একাউন্ট থেকে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ১শ ৯৫ টাকা অজ্ঞাত স্থানে স্থানান্তর করেন। এই অভিযোগপত্রে ২১ জনকে সাক্ষী দেখানো হয়েছে।

প্রসঙ্গত দুই অভিযোগপত্রেই ২০০৪ সালের দুদক আইনের ২৬ ও ২৭ ধারা, দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৫ (ক), ১৫ (খ), ১৫ ঘ (৫) ধারার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এদিকে আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে গত ৬ মার্চে দুদকের দায়ের করা অপর একটি মামলায় রোববার বিকেল একই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক জীবনকৃষ্ণ রায় একই আইনের একই ধারায় এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগে মোট সাক্ষীর সংখ্যা ২১ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অভিযুক্তরা ১৯৯২ সন থেকে ২০০৬ সন পর্যন্ত তাদের অর্জিত সম্পদের মধ্যে ৮ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ২৩২ টাকার হিসাব দুদকে দাখিল করা বিবরণে গোপন করেছেন।