২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি মান্নান ভূঁইয়া-হান্নান শাহ

মহাসচিবের পদ নিয়ে অঘোষিত লাগাতার বাকযুদ্ধের পর রোববার পরস্পরের মুখোমুখি হলেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তাদের আকস্মিক এই সাক্ষাত পর্বটি অবশ্য ছিল পুরোপুরি আন্তরিক। হাল্কা রসিকতার মাঝে এই দুই নেতা যখন হাত মিলিয়েছেন তখন হলরুম ছিল নেতাকর্র্মীদের করতালিতে মুখরিত।

রোববার বিকেলে দলের প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের চেহলাম অনুষ্ঠানে মুখোমুখি হন মান্নান ভূঁইয়া ও হান্নান শাহ। কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ মরহুমের বনানীর বাসভবনে আয়োজন করে এই চেহলাম অনুষ্ঠান।

এর শেষ পর্যায়ে হান্নান শাহ পিছনের সারি থেকে উঠে এসে মান্নান ভূঁইয়ার সঙ্গে করমর্দন করে বলেন, “আরে মান্নান ভাই, আমার নানার গোষ্ঠীর লগেতো ভেজাল লাগাইয়া দিছেন।”

জবাবে মান্নান ভূঁইয়া হেসে তার হাত ধরে বলেন, “ফোন করবেন।”

দলের অন্য নেতাকর্মীরা এ সময় হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান।

এরপর মান্নান ভূঁইয়া কে এম ওবায়দুর রহমানের স্ত্রী অধ্যাপিকা শাহেদা ওবায়েদ ও তার মেয়ের সঙ্গে দেখা করেন।

চেহলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহ সভাপতি সাঈদ ইস্কান্দার, শহিদুল হক জামাল, চেয়াপার্সনের উপদেষ্টা জেড এ খান, ড. মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, এবাদুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম পিন্টু, ইলিয়াস আলী, শাহ মোহম্মদ আবু জাফর, কেএম ওবায়দুর রহমানের ছোট ভাই কে এম জাকির প্রমুখ।

লিভার সিরোসিসে আক্রান্ত ওবায়দুর রহমান ২১ মার্চ মারা যান।