ফিরে এসেছে প্রলয়ঙ্করী জলোচ্ছাসে স্বজন হারানো ভয়াল ২৯ এপ্রিল
আবার ফিরে এসেছে জলোচ্ছাসের তাণ্ডব আর প্রাকৃতিক বিপর্যয়ে হঠাৎ হারিয়ে যাওয়া প্রায় দুই লাখ স্বজন হারানোর সেই ভয়াল ২৯ এপ্রিল। চট্টগ্রাম ও দেশের উপকূলীয় অঞ্চলের মানুষকে আজও এই দিনটি স্বজন ও সর্বস্ব হারানোর বেদনা কুঁড়ে কুঁড়ে খায়।
১৬ বছর আগে ১৯৯১ সালের এইদিনে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বিস্তীর্ণ জনপদ। শুধু চট্টগ্রাম নয়, দেশের উপকূলীয় অঞ্চলের মানুষজন তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল একরাত্রের ভয়াবহ তাণ্ডবে। বিপর্যস্ত হয়ে গিয়েছিল লাখ লাখ মানুষের জীবন।
স্মরণকালের ভয়াবহ এ প্রলয়কাণ্ডে শুধু বৃহত্তর চট্টগ্রামেই প্রাণ হারিয়েছিল প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অসংখ্য বসতবাড়ি। এ অঞ্চলের কোনো জমিতেই কোনো ফসল অবশিষ্ট ছিল না। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গাছপালা, গবাদি-পশুসহ মানুষের যাবতীয় সম্পদ।
ভয়াবহ সেই দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন মানবেতর পর্যায়ে নেমে এসেছিল। সেই ধ্বংসযজ্ঞের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেকে এখন পর্যন্ত সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। পতেঙ্গা, কাঠগড়, বন্দরটিলা, হালিশহর, লাশঘাঁটি, আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, ভোলা, হাতিয়াসহ উপকূল ও চরাঞ্চলের মানুষ আজও সমুদ্রে তুফান উঠলে সেদিনের কথা মনে করে ভয়ে আঁতকে ওঠে।
এ দুর্যোগের ভয়াবহতাকে ধারণ করে ফটো সাংবাদিক শিশির বড়ুয়ার তোলা কিছু ছবি নিয়ে ‘কিছু স্মৃতি’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শুরু হয়।
প্রদর্শনীটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মঞ্জুরুল আলম মঞ্জু। এসময় তিনি তার উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সীতাকুণ্ড ও বাঁশখালীর উপকূলীয় অঞ্চল অরক্ষিত থাকায় এসব জায়গায় বেড়িবাঁধ নির্মাণে সরকারের প্রতি আহবান জানান।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান, সিইউজের সভাপতি শহীদ উল আলম প্রমুখ।
প্রদর্শনীতে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় তোলা মোট ৬০ টি আলোকচিত্র প্রদর্শিত হয়। ঢাকার জাতীয় প্রেসক্লাবেও রোববার প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।
