হাসিনাকে রিট করার অনুমতি দেয়নি হাইকোর্ট
সঠিকভাবে নিবন্ধন করা হয়নি বলে দেশে ফেরার পর শেখ হাসিনাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ চেয়ে রিট আবেদন দায়েরের অনুমতি দেয়নি হাইকোর্টের দুটি বেঞ্চ।
রোববার সকালে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আদালতে হাসিনার পক্ষে তার প্রটোকল অফিসার মনজিলা ফারুক আবেদনটি উত্থাপন করতে চান।
এ সময়ে হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদকে আদালত বলেন, মনজিলা ফারুককে দেওয়া পাওয়ার অব এটর্নি সঠিকভাবে নিবন্ধিত হয়নি বলে এ রিটটি দায়েরের অনুমতি দেওয়া যাচ্ছে না।
বেলা সাড়ে এগারোটায় হাসিনার কৌঁসুলিরা পরে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকির সমন্বয়ে গঠিত অন্য একটি বেঞ্চে আবেদনটি নিয়ে যান। একই কারণে ওই বেঞ্চেও মামলাটি উত্থাপনের অনুমতি দেওয়া হয়নি। (সমন্বিত)
শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের শেষদিকে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গত ১৮ এপ্রিল একটি প্রেসনোট জারি করে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। ওই প্রেসনোটের ভিত্তিতে দেওয়া নির্দেশনার কারণে
২৩ এপ্রিল বৃটিশ এয়ারওয়েজের বোর্ডিং পাস না পেয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে হাসিনা বোন শেখ রেহানার বাসায় ফিরে যান। এসময় হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। ২৫ এপ্রিল আরেকটি প্রেসনোট জারি করে সরকার হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
হাসিনা গত ১৫ মার্চ আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে থাকতেই দেশে তার বিরুদ্ধে ৯ এপ্রিল চাঁদাবাজি মামলা দায়ের ও ১১ এপ্রিল হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
