২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে শুনানির অপেক্ষায় সাড়ে পাঁচশ ফাঁসির আদেশ, কনডেম সেল ৫৩টি

বিচার আদালতে ফাঁসির আদেশ হয়ে গেছে বছর চারেক আগেই। জায়গা না থাকায় ১০ জনের নয়জনকেই রাখতে হচ্ছে সাধারণ কয়েদীদের সঙ্গে। চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে রয়েছে ডেথ রেফারেন্স হয়ে। কবে জানা যাবে শেষ আদেশ জানে না কেউ। জমে থাকা এরকম সাড়ে পাঁচশো মামলা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অমিত তালুকদার, আইন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 10:10 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

হাইকোর্টে প্রায় সাড়ে পাঁচশ ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে। ২০০৩ সাল থেকে জমছে এসব ডেথ রেফারেন্স। কেউ বলছেন বেঞ্চের স্বল্পতাই এর জন্য দায়ী। আবার কেউবা পেপারবুক সঙ্কটকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন। তবে ২০০৪ সালের পরের ডেথ রেফারেন্সগুলোর পেপারবুক এখনও তৈরি হয়নি। শুধু বিশেষ ব্যবস্থায় জেএমবির ছয় জঙ্গির ডেথ রেফারেন্সের পেপার বুক তৈরি হয়েছিল।

এদিকে ফাঁসির আসামীদের জন্য দেশের ৬৬টি কারাগারে কনডেম সেল রয়েছে মাত্র ৫৩টি। ফলে কারা বিধি লঙ্ঘন করে এখন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের রাখা হচ্ছে সাধারণ কয়েদীদের সেলে।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিম্ন আদালতে কোনও আসামীর ফাঁসির আদেশ হলে তা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠাতে হয়। আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হয় এক সপ্তাহের মধ্যে। প্রচলিত রীতিতে অধিকাংশ ক্ষেত্রেই নিম্ন আদালত থেকে ফাঁসির রায় হাইকোর্টে যেতে দুই থেকে তিন মাস সময় লেগে যায়।

এরপর হাইকোর্টে এসব ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য তৈরি করতে হয় পেপারবুক। এ পেপারবুক সঙ্কটই ডেথ রেফারেন্স জমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। আগে শুধু বিজি প্রেসই পেপারবুক তৈরি করত। সময় কমাতে সুপ্রিম কোর্ট বিধি পরিবর্তন করে এখন নিজস্ব কম্পিউটারের মাধ্যমেও পেপারবুক তৈরি করছে।

বর্তমানে হাইকোর্টে ৫৪১টি ডেথ রেফারেন্স বিচারাধীন রয়েছে। এর মধ্যে চলতি বছরের ৩০টি, ২০০৬ সালের ১১১টি, ২০০৫ সালের ১৭৫টি, ২০০৪ সালের ১৬৬টি এবং ২০০৩ সালের ৫৯টি। ২০০৩ ও ২০০৪ সালের ডেথ রেফারেন্সের পেপারবুক তৈরি আছে। বাকি ডেথ রেফারেন্সের পেপারবুক তৈরিই হয়নি।

ডেথ রেফারেন্স নিষ্পত্তির জন্য হাইকোর্টে চারটি বেঞ্চ থাকলেও বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি মো. আবদুল আওয়াল এবং বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা ও বিচারপতি মো. রেজাউল হকের দুইটি বেঞ্চ বর্তমানে ডেথ রেফারেন্স মামলার শুনানি গ্রহণ করছে। এ দুটি বেঞ্চ আবার ফৌজদারি মামলা ও আপিলের বিচারও করে।

আইনজীবীরা জানান, প্রতিটি ডেথ রেফারেন্স মামলা শুনানির জন্য আদালতের অন্তত চার কার্যদিবস প্রয়োজন। সে হিসাবে ৫৪১টি ডেথ রেফারেন্স মামলা হাইকোর্টের চারটি ডেথ রেফারেন্স বেঞ্চ নিয়মিত শুনানি গ্রহণ করলে প্রয়োজন ৫৪১ কার্যদিবস।

ডেথ রেফারেন্স বেঞ্চে দায়িত্ব পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম ওয়ালিউর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, হাইকোর্টের যেসব বেঞ্চে ডেথ রেফারেন্স মামলা শুনানির এখতিয়ার রয়েছে, সে সব বেঞ্চে ফৌজদারি (মোশন) ও আপিল মামলা থাকায় ডেথ রেফারেন্স শুনানি গ্রহণের জন্য বেশি সময় পায় না আদালত।

তার মতে, ডেথ রেফারেন্স বেঞ্চে শুধুই ডেথ রেফারেন্স মামলা শুনানির এখতিয়ার দেওয়া হলে মামলার ¯তূপ অনেক কমানো যেত।

ওয়ালিউর রহমান বলেন, ডেথ রেফারেন্স মামলা শুনানিতে দেরির অন্যতম কারণ হল আসামী পক্ষের আইনজীবীদের সময় প্রার্থনা। এখন পেপারবুকের সঙ্কট নেই বলে দাবি করেন তিনি।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিপরীত মত দিয়েছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট আনিসুল হক। তিনি মামলার ¯তূপের জন্য পেপারবুকের সঙ্কটকেই দায়ী করেছেন।

আসামী পক্ষের আইনজীবীদের সময় নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পেপারবুক ছাপিয়ে অন্তত ২০ দিন আগে আসামী পক্ষের আইনজীবীদের দেয়া গেলে সময় চাওয়ার প্রবণতা কমে যেত। মামলা জমে যাওয়ার জন্য বেঞ্চের স্বল্পতাকে বড় কারণ বলে মনে করেন না আনিসুল হক।

তিনি বলেন, বিশেষ বিশেষ আইন প্রণয়ন ও আদালত গঠনের ফলে ব্যাপক হারে মৃত্যুদণ্ডাদেশের রায় হচ্ছে। তিনি কারাগারগুলোতে কনডেম সেলের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।