২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আবদুল করিম শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শুক্রবার সকালে তিনি দুই ঘন্টার বেশি সময় কারাগারের পুরো এলাকা ঘুরে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন বলে জানা গেছে।

চট্টগ্রাম কারাগারে কয়েদীদের জন্য বিভিন্ন সময়ে নেওয়া বিভিন্ন প্রকল্প তিনি পরিদর্শন করেন। স্বরাষ্ট্র সচিব এসময় কয়েদিদের জন্য নেওয়া গণশিক্ষা কার্যক্রম এবং টেলিভিশন মেরামত প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন।

কারাগার সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আবদুল করিম চট্টগ্রাম কারাগারে আসেন। তিনি কারাগারের বিভিন্ন সেল ঘুরে দেখেন এবং কয়েদীদের সঙ্গে কথা বলেন।

চট্টগ্রাম কারাগারের জেল সুপার বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, গণশিক্ষা কার্যক্রমের ফলে চট্টগ্রাম কারাগারে আটক নিরক্ষর কয়েদীদের অনেকে সাক্ষরতা জ্ঞান লাভ করেছে। এই বিষয়টি স্বরাষ্ট্র সচিবের কাছে তুলে ধরা হলে তিনি এর প্রশংসা করেন।

স্বরাষ্ট্র সচিব কয়েদীদের স্বাবলম্বী করে তোলার জন্য টেলিভিশন মেরামতের মতো বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের উদ্যোগকে স্বাগত জানান বলে জেল সুপার জানান।

কারাগার পরিদর্শনের সময় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বিভাগীয় কমিশনার মোখলেছুর রহমান, পুলিশ কমিশনার মইনুর রহমান চৌধুরী, পুলিশের ডিআইজি আমীর হোসেন, জেলা প্রশাসক আল নূরী ফয়জুর রেজা উপস্থিত ছিলেন।