২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬১ জেলায় সক্রিয় হচ্ছে জেএমবি, রিমান্ডে জঙ্গিদের স্বীকারোক্তি

দেশের ৬১টি জেলায় জেএমবির পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। পার্বত্য অঞ্চলের তিন জেলা বাদে ৬১টি জেলাকে ভাগ করা হয়েছে ৭৯টি সাংগঠনিক জেলায়। ৪০টি অঞ্চল এবং ১২টি উপকেন্দ্রের আওতায় সাংগঠনিক জেলাগুলোর কার্যক্রম তদারকি ও সমন্বয়ের কাঠামোও রয়েছে। ৩৩ জেলায় সাংগঠনিক কাঠামো তৈরি এবং বাকি জেলাগুলোতে কাঠামো গঠনের কার্যক্রম পুরোদমে শুরু করা হয়েছিল।

আহসান হাবীব নীলু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এ রকম তথ্য পাওয়া গেছে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বর্তমান প্রধান মতিন মেহেদীসহ শীর্ষ চার জঙ্গির কাছ থেকে। বুধবার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে আনা হলে জিজ্ঞাসাবাদে তারা এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ইন্টারোগেশন সেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক সাইদ ও মামলার তদন্ত কর্মকর্তা নূর-ই-আলম।

তারা আরও জানান, রিমান্ডে আনা ১৯ জঙ্গিকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদে তারা আরও ২৭ জন জঙ্গির নাম জানিয়েছে। এরা কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় জেএমবিকে পুনর্গঠনের কাজ করছিল।

এদিকে কুড়িগ্রামে গ্রেপ্তারকৃত ১৪ জঙ্গিকে প্রথম দফায় চার দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় পুনরায় চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এএমএম মুনিরুল ইসলামের আদালতে ওই ১৪ জঙ্গিকে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে জঙ্গিদের পুরো নেটওয়ার্ক ধরা হবে বলেও তিনি জানান।