২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লাখনিতে ব্রিটিশ বিশেষজ্ঞের মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে বৃহস্পতিবার সকালে আলবার্ট বেইনস ডেভিস (৬২) নামের এক ব্রিটিশ খনি বিশেষজ্ঞ মারা গেছেন। কয়লাখনির পরিচালনা কর্তৃপক্ষ বলছেন, খনির পরিবেশ নিরাপদ ও বিপদমুক্ত রয়েছে। প্রবীণ ওই বিশেষজ্ঞ অসুস্থতার কারণে মারা যেতে পারেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আজিজ খান এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “প্রয়াত আলবার্ট অনেকদিন ধরেই আমাদের পরামর্শক হিসেবে কাজ করছেন। ভেন্টিলেশন কনসালটেন্ট আলবার্ট অন্যান্য দিনের মত বৃহস্পতিবার সকাল আটটায় খনিতে যান। সেসময় তার সঙ্গে ছিলেন ২৬ বছর বয়সী খনি প্রকৌশলী নিকোলাস শ্যারন উডবার্ন। এগারোটার পর হঠাৎ করে আলবার্ট অসুস্থ হয়ে গেলে নিকোলাস দৌড়ে এসে ইন্টারকমে খবর দেন। উদ্ধারকর্মীরা আলবার্টকে উদ্ধার করে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিকোলাসও শক এর কারণে এখন অসুস্থ। তবে তার কোনো সমস্যা নেই, তিনি বিশ্রাম করছেন।”

খনির ভেতরের পরিবেশ সম্পর্কে আজিজ খান জোর দিয়ে বললেন, এটি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বড়পুকুরিয়ার দুর্ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে জ্বালানি সচিব এম এম নাসিরউদ্দিন জানান, কয়লা খনিতে একজন মারা গেছেন এবং নিকোলাস নামের অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তারা খবর পেয়েছেন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে না।