ভোলায় আগুনে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
ভোলা জেলার কুঞ্জের হাটে বুধবার রাতে ভয়াবহ আগুনে তিনটি দোকান ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের পর বাজারে লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সচিব ও ব্যবসায়ী সম্রাট জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত ২টায় আগুন লেগে কুঞ্জের হাট বাজারের প্রান্ত জুয়েলার্স, তামিম গার্মেন্টস, সুরভী এণ্ড শারমীন ট্রেডার্স নামের তিনটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বোরহান উদ্দিন দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুল গফুর জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আজাদ জানান, আগুনের পর রাত ৩ টার কুঞ্জের হাট বাজারে লুটপাটের খবর পেয়ে এক প্লাটুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
