২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভেজাল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ১১

রাজধানীর কোতোয়ালি থানাধীন সৈয়দ হাসান আলী লেনের একটি বাড়ি থেকে বিপুল পরিমান ভেজাল ওষুধ, প্রসাধন সামগ্রী, ও কনডম এবং এসব তৈরির সরঞ্জামসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যব। বাড়ির মালিক আজগর মিঞা পালিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

র‌্যাব এই অভিযানের পর খবর পাঠালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা এসে আটক ১১ জনের প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি পলাতক মালিককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ চার বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

র‌্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর কমান্ডার মেজর জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব সদস্যরা সৈয়দ হাসান আলী লেনের আজগর মিয়ার বাড়ির ৫ম তলায় বুধবার দুপুর দুইটায় অভিযান চালায়। বিপুল পরিমান ভেজাল ঔষধ, প্রসাধন সামগ্রী, কনডমসহ এ সব তৈরির সরঞ্জাম উদ্ধার হয় অভিযানে। এই দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তবে ভেজাল প্রতিষ্ঠানটির মালিককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মেজর জাহাঙ্গীর আরও জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয়। ম্যাজিস্ট্রেট রোকনদ্দৌলাসহ একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত মালামাল পরীক্ষা করেন। প্রত্যেকটি উপাদান ভেজাল হওয়ায় তিনি আটক ১১ জনকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও পলাতক মালিককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও চার বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারকৃরা হলো মো. শ্যামল, মো. তাসিম, মো. মোস্তাকিম, কামরুল হাসান, মনোয়ার হোসেন, মো. সাঈদ আলী, সোহাগ আলী, মো. সেন্টু, মুন্না মিয়া, মো. হোসেন ও শেখ মনসুর।