হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করতে চাইলেন না উপদেষ্টা মতিন
শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে কিছু বলতে চাইছেন না উপদেষ্টারা।
তার দেশে ফেরার ব্যাপারে বিভিন্ন বিমান সংস্থার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কবে নাগাদ প্রত্যাহার হতে পারে, এ প্রশ্ন করা হলে বুধবার তা এড়িয়ে যান উপদেষ্টা এম এ মতিন।
বিমান পুনর্গঠন নিয়ে সচিবালয়ের বিমান চলাচল মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা হয় বুধবার দুপুরে। সভা শেষে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিনের কাছে সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জটিলতার কবে নাগাদ নিরসন হতে পারে?
উপদেষ্টা মতিন তখন এর সরাসরি জবাব এড়িয়ে বলেন, দেখা যাক কবে নাগাদ এর নিরসন করা যায়।
এরপর সাংবাদিকরা এ নিয়ে আরও প্রশ্ন করতে চাইলে উপদেষ্টা তার কোনও সুযোগ না দিয়ে সভাকক্ষ থেকে বেরিয়ে নিজ কার্যালয়ে চলে যান।
